তিন জেলায় কিশোরীসহ ধর্ষণের শিকার তিনজন
পিরোজপুর সদর উপজেলার একটি গ্রামে গতকাল শনিবার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে কুমিল্লার দেবীদ্বারে এক কিশোরী এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। দেবীদ্বারের ঘটনায় এক নারীসহ দুজন এবং ঈশ্বরগঞ্জে ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুর সদর থানা-পুলিশ ও নির্যাতিত স্কুলছাত্রীর পারিবারিক সূত্র বলেছে, অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েটি (১৩) গতকাল দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। সেখানে একই এলাকার বখাটে সাইদুর রহমান (২৮) তার মুখে গামছা বেঁধে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। সন্ধ্যায় মেয়েটিকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ধর্ষণের অভিযোগে মেয়েটির বাবা গতকাল রাতে সাইদুরকে আসামি করে মামলা করেছেন। সাইদুরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
কুমিল্লার দেবীদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, গত ১৮ জুলাই কুমিল্লার চান্দিনা থেকে দেবীদ্বারে ফুফুর বাড়িতে বেড়াতে যায় এক কিশোরী (১৬)। ৪ আগস্ট সন্ধ্যায় তাকে বাড়িতে ডেকে নিয়ে যান প্রতিবেশী সালমা বেগম। ওই দিন মধ্যরাতে স্থানীয় বখাটে সোহাগ ও মোমেন সালমার বাড়ি গিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এরপর তাকে বাড়ির পুকুরপাড়ে নিয়ে আরও একজন ধর্ষণ করে। এ সময় একজন পাহারায় ছিল। ঘটনার পর গত মঙ্গলবার বাবার বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে কিশোরী। বিষয়টি জানার পর গত শুক্রবার সন্ধ্যায় মেয়ের মা তাকে নিয়ে ফুফুর গ্রামে যান এবং গ্রামবাসীর কাছে বিচার চান। খবর পেয়ে পুলিশ ওই দিন রাতে সোহাগের বাবা মফিজুল ইসলাম ভূঞা (৫৮) ও সালমা বেগমকে আটক করে।
ওসি আরও বলেন, এ ঘটনায় গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. সোহাগ, আবদুল মোমেন ও সালমা বেগমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান মামলার উদ্ধৃতি দিয়ে বলেন, গোপালগঞ্জের কোটালীপাড়ার বাসিন্দা এক নারী জর্ডানের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এক মাস আগে দেশে ফিরেছেন। এক বছর আগে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের জুয়েল মিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে জুয়েল তাঁকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। দেশে ফেরার পর জুয়েলের কথায় ওই নারী তাঁর বড় বোনকে নিয়ে ৬ আগস্ট রাতে ঈশ্বরগঞ্জ পৌঁছান। নিজের বাড়িতে নেওয়ার কথা বলে জুয়েল ওই পোশাককর্মী ও তাঁর বোনকে একটি নির্জন চরে নিয়ে যান। সেখানে বড় বোনকে আটকে রেখে ওই পোশাককর্মীকে ধর্ষণ করে কয়েকজন। এরপর দুর্বৃত্তরা তাঁদের দুই বোনের সঙ্গে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোনসহ সবকিছু কেড়ে নিয়ে চলে যায়। গত শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় ওই নারী জুয়েলসহ নয়জনকে আসামি করে মামলা করেন। ওই দিন রাতেই মামলার ৫ নম্বর আসামি বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ও পিরোজপুর প্রতিনিধি]