তিন জেলায় গুলি ও 'বন্দুকযুদ্ধে' নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>* নওগাঁয় নিহত দুজন ডাকাত দাবি পুলিশের *চুয়াডাঙ্গা ও রাজবাড়ীতে নিহত দুজন ‘চরমপন্থী’

নওগাঁ, রাজবাড়ী, চুয়াডাঙ্গায় পুলিশ এবং র‍্যাবের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ ও পুলিশের গুলিতে গত বুধবার রাতে চারজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ডাকাত এবং দুজন চরমপন্থী দলের সদস্য বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের গুলিতে নিহত দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মোজাম্মেল হক (৩৫) ও রাজশাহী নগরের দড়ি খড়বনা এলাকার সুজন হোসেন (৩০)। পুলিশের দাবি, তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ খবর পায়, একদল ডাকাত ট্রাক নিয়ে নিয়ামতপুরে ঢুকছে। নিয়ামতপুর ও মান্দা থানা-পুলিশ যৌথ অভিযানে নামে। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় চৌবাড়িয়া মাছ বাজারের সামনের রাস্তায় ব্যারিকেড দেয়। ডাকাতেরা ওই ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের ওপর হামলা করেন। এ সময় পুলিশ গুলি করলে দুই ডাকাত নিহত এবং দুজন আহত হন। আহত দুজন হলেন নাচোলের পীরপুর সাহানাপাড়া গ্রামের ইমরান আলী ও নওগাঁর নিয়ামতপুরের তল্লা হঠাৎপাড়া গ্রামের সোহেল। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত সুজনের মামা আমজাদ হোসেন বলেন, সুজন হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। ১০-১২ দিন ধরে পরিবারের লোকজন তাঁর কোনো খোঁজ পাচ্ছিলেন না। বৃহস্পতিবার পুলিশ তাঁর মৃত্যুর খবর জানায়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওল্টু মণ্ডল (৪৩) নামের একজন নিহত হন। উপজেলার খাসকররা গ্রামের মোমিন মালিথার নির্মাণাধীন বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ওল্টু বন তিওরবিলা গ্রামের বাসিন্দা। তিনি চরমপন্থী সংগঠনের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৬-এর ঝিনাইদহ কোম্পানির অধিনায়ক মেজর মনির আহমেদ বলেন, ওল্টু মণ্ডলের বিরুদ্ধে একাধিক খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির মামলা আছে। খাসকররা এলাকায় একদল চরমপন্থীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেখানে যায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। গুলিবিনিময়ের সময় ওল্টু আহত হন। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর দেলন্দিতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির নাম করম আলী ওরফে কদম আলী (৩৮)। তিনি উপজেলার তেনাপচা আদর্শ গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, করম আলী চরমপন্থী সংগঠনের সদস্য।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, বেশ কিছুদিন ধরে চরাঞ্চলে চরমপন্থীদের আনাগোনা বেড়েছে। বুধবার রাতে চর দেলুন্দিতে একদল সন্ত্রাসীর বৈঠকের খবর পেয়ে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ যৌথ অভিযান চালায়। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে করম আলীকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তেনাপচা আদর্শ গ্রামে গিয়ে জানা যায়, করম আলীর মা-বাবা বেঁচে নেই। স্ত্রী কয়েক বছর আগে তাঁকে ছেড়ে চলে গেছেন। তাঁর খালা ময়না বেগম বলেন, ‘করম দীর্ঘদিন ধরে বাড়িছাড়া। প্রায় তিন মাস আগে মায়ের মৃত্যুর সংবাদ শুনে এসেছিল। তবে শুনেছি, বাইরে নাকি খারাপ পার্টি করত।’