নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন মামলায় দেশের তিনটি জেলা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, বরিশালে সাংসদ পংকজ নাথের গাড়িতে হামলা মামলায় বিএনপির সাত নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে সোমবার রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হলেন কাহালু উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান ফারুকীর দাবি, রেজওয়ানুল হক রাজধানীর দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার মূল আসামি শিবির নেতা এনামুল হক ওরফে কামালের ঘনিষ্ঠ সহযোগী। কামাল বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। আর যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ভাঙচুর-নাশকতার একাধিক মামলা রয়েছে।
সাইফুজ্জামান ফারুকীর ভাষ্যমতে, সোমবার রাতে কাহালু, আদমদীঘি, শাজাহানপুর, নন্দীগ্রামসহ কয়েকটি উপজেলায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থেকে গ্রেপ্তার করা হয়েছে শিবিরের ক্যাডার হেদায়েতুল ইসলাম ওরফে উজ্জ্বলকে।
রাজশাহী: নাশকতার মামলায় এক শিবির নেতা ও জামায়াতের এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শিবির নেতার নাম ইকবাল হোসেন। তাঁর বাড়ি চারঘাট উপজেলার পুড়াভিটা গ্রামে। তিনি নিমাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি। গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি জামায়াতের কর্মী। তাঁর নাম আবদুল জলিল। বাড়ি তানোর উপজেলার ধানুড়া গ্রামে।
রাজবাড়ী: রাজবাড়ী থেকে জামায়াতের দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুর রাজ্জাক (৪০) ও বালিয়াকান্দি উপজেলা জামায়াতের কর্মী আবদুল জলিল মল্লিক। সোমবার গভীর রাতে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন বলেন, রাজ্জাকের বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়েছে।