তিন জেলায় গত দুদিনে চারজন গৃহবধূ খুনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া গতকাল সোমবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা এলাকায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন।
যশোরের অভয়নগরে দুজন গৃহবধূ খুন হয়েছেন। তাঁরা হলেন শংকরপাশা গ্রামের কাজল বেগম (২২) ও সিরাজকাঠি গ্রামের সোনিয়া আক্তার (২৫)। রাজবাড়ী সদর উপজেলার মাইটকোড়া গ্রামে সাবিনা আক্তার (২৭) নামের একজন খুন হয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলার সরসকাটি গ্রামে খুন হন ফেরদৌসি খাতুন (২২) নামের এক গৃহবধূ। চুয়াডাঙ্গায় খুন হওয়া ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৫)।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
অভয়নগর (যশোর): গতকাল সকাল সাতটার দিকে এলাকাবাসী শংকরপাশা গ্রামের রাসেল খাঁর স্ত্রী কাজল বেগমের লাশ বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে লেবুগাছের ডালের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে।
নিহত কাজলের মা ইয়াসমিন বেগম বলেন, ‘গত রোববার মেয়ে আমার বাড়িতে গিয়ে জামাইকে ইঞ্জিনচালিত ভ্যান কিনে দেওয়ার জন্য টাকা নিয়ে যেতে বলে। টাকা দিতে না পেরে ওই দিন আমি তাকে স্বামীর বাড়িতে দিয়ে আসি। আমার মেয়েকে জামাই ও পরিবারের লোকজন হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।’
সিরাজকাঠি গ্রামে খুন হওয়া সোনিয়ার বাবা নজরুল ইসলাম শেখ বলেন, ‘মেয়ে ও জামাই হাদিউজ্জামান দুজনই পাটকলে কাজ করত। তাঁরা আমাদের সাথে থাকত। বৃহস্পতিবার মেয়ে মজুরি পেয়ে জামাইয়ের হাতে দেয়নি। এ নিয়ে গতকাল সকালে তাঁদের ঝগড়া হয়। বেলা ১১টার দিকে বাড়ি এসে মেয়েকে ঘরের আড়ার সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। জামাই পালিয়ে গেছে। আমার ধারণা, সে সোনিয়াকে মেরে ফেলে ঝুলিয়ে রেখেছে।’ অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, ‘মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাসেল পালিয়ে গেছে।’
রাজবাড়ী : নিহত সাবিনা আক্তারের চাচা মহিদ মল্লিক বলেন, ‘সাবিনার স্বামী কাঁচা বাজারের ব্যবসায়ী অসিম সরদারের চলাফেরা সন্দেহজনক ছিল। এ নিয়ে কলহের জের ধরে সে প্রায়ই সাবিনাকে মারধর করত। রোববার দুপুরে সে সাবিনাকে মারধর করে। সন্ধ্যার পরে আবার মারধরের একপর্যায়ে সোনিয়াকে মাটিতে ফেলে গলা পা দিয়ে মাড়ানো হয়। আমরা ভোর চারটার দিকে মৃত্যুর খবর পাই। সাবিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’
রাজবাড়ী সদর থানার এসআই বদিয়ার রহমান বলেন, লাশের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অসিম সরদারকে গতকাল অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তাঁর ভাই জসিম সরদার বলেন, সাবিনা আত্মহত্যা করেছেন।
সাতক্ষীরা : নিহত ফেরদৌসির বাবা আবদুল হালিম বলেন, মাসখানেক আগে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের অভিযোগে মারধর করে স্বামী জামাল উদ্দিন মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেয়। রোববার সে ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য লিয়াকত হোসেনসহ কয়েকজনের উপস্থিতিতে ফেরদৌসিকে নিয়ে যায়। গতকাল সকালে মেয়ের মৃত্যুর খবর পান। তাঁর মেয়েকে জামাল উদ্দিন রোববার রাতে গলা চেপে হত্যা করে বড়ইগাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালাচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, ঘটনাস্থল থেকে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। নিহতের শরীরের কোথাও দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কিছু বলা যাচ্ছে না।
গ্রেপ্তার হওয়া জামাল উদ্দিন বলেন, তাঁর স্ত্রীর অন্য একজনের সঙ্গে মুঠোফোনে কথা বলত। এ নিয়ে রোববার রাতে কথাকাটাকাটি হয়। রাত দুইটার দিকে তাঁর স্ত্রী ঘর থেকে বের হয়ে যান। অনেকক্ষণ পরে বের হয়ে দেখতে পান, সে আত্মহত্যা করেছে।
চুয়াডাঙ্গা : নিহত নজরুল ইসলামের ভাতিজা আবদুল মতিন বলেন, কয়েক দিন আগে চাচার সাথে চাচি মালেকা বেগমের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। গতকাল বিকেলে ছেলে জাহিদুল ইসলাম মায়ের পক্ষ নিয়ে বাবার সাথে তর্কে জড়ান। একপর্যায়ে কাঠের খণ্ড দিয়ে মুখে সজোরে আঘাত করলে নজরুল ইসলাম গুরুতর জখম হন। জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।