তিন জেলায় চারজন খুন
রাজধানীর অদূরে আশুলিয়ায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে ও এক নারী পোশাকশ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাছের আড়তের ব্যবস্থাপক ও নরসিংদীর বেলাবতে অজ্ঞাতপরিচয় এক তরুণী (২৫) খুন হয়েছেন। এদিকে মানিকগঞ্জের সিঙ্গাইরে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার থেকে পাঁচ দিনে এসব ঘটনা ঘটে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাভার: আশুলিয়ার ঘোষবাগ এলাকার ব্যবসায়ী মোফাজ্জল হোসেন (৩৬) গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাইপাইল যাচ্ছিলেন। তিনি ঘোষবাগ বাসস্ট্যান্ডে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে তিন লাখ টাকাসহ মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মোফাজ্জলের ভাই ইয়াজ্জল হোসেন থানায় হত্যা মামলা করেছেন। আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোড এলাকায় গত শুক্রবার রাতে লাকী আক্তার (২২) নামে এক পোশাকশ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী নুরুজ্জামানকে আটক করা হয়েছে। থানার এসআই রুহুল আমিন বলেন, পারিবারিক কলহের জের ধরে নুরুজ্জামান স্ত্রীকে হত্যা করে শনিবার সকালে ঘরের দরজা বন্ধ করে পালানোর চেষ্টা করেন। ঈদের দিন সকালে দরজা বন্ধ করতে দেখলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এ সময় তাঁরা ঘরের ভেতর ঢুকে লাকীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে নুরুজ্জামানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় লাকীর চাচা খোরশেদ আলম থানায় একটি হত্যা মামলা করেছেন।
এ ছাড়া ডেন্ডাবর পূর্বপাড়া এলাকায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তিনি ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের ছোট ভাই ও আমছিমুর গ্রামের বাসিন্দা। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেছেন, জাহাঙ্গীরের মৃত্যুর কারণ হত্যা না আত্মহত্যা, তা স্পষ্ট নয়।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ): রাজধানীর যাত্রাবাড়ীর ‘ভোলা ফিস’ নামের একটি মাছের আড়তের ব্যবস্থাপক নজরুল ইসলাম (৪০) সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাজারের মাছ ব্যবসায়ী ইমান আলীসহ অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওনা টাকা নিতে গত রোববার সন্ধ্যায় এখানে আসেন। টাকা নিয়ে রাতে ঢাকায় রওনা হন। পথে দুর্বৃত্তরা সোনারগাঁয়ের রতনদী এলাকায় কেনটাকী টেক্সটাইলের সামনে তাঁকে শ্বাসরোধে হত্যা করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে লাশ ফেলে পালিয়ে যায়। গতকাল সোমবার সকালে তাঁর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নজরুল ভোলার লালমোহনের রমাগঞ্জ গ্রামের বাসিন্দা। সোনারগাঁ থানার এসআই রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে, নজরুলের পূর্বপরিচিতরা তাঁকে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়।
নরসিংদী: জেলার বেলাব বাজার কেন্দ্রীয় মসজিদে গতকাল ফজরের নামাজ শেষে মুসল্লিরা বের হন। এ সময় তাঁরা মসজিদের পাশের গলি থেকে বাদামি রঙের সেলোয়ার-কামিজ ও লাল রঙের ওড়না পরা অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। থানার ওসি বদরুল আলম খান বলেন, ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মানিকগঞ্জ: জেলার সিঙ্গাইরে নিখোঁজের সাত দিন পর গত শনিবার চান মিয়া (৩৫) নামের এক প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। চান মিয়া চর আজিমপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।