তিন জেলায় চারজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় দুই ব্যক্তির ও গোপালগঞ্জে এক তরুণীর ঝুলন্ত লাশ গতকাল মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। একই দিনে নড়াইল সদর উপজেলায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের ভাঙ্গার বালিয়াহাটি গ্রামের দাদন মুন্সী (৩৬) ও ভাষড়া গ্রামের অহিদুল মাতুব্বর (২৫); গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া এলাকার উর্মিলা আক্তার (১৮) এবং নড়াইল সদর উপজেলার চাকুলিয়া গ্রামের মোমরেজ শেখ (৭০)।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের নিহত দাদন মুন্সীর পারিবার সূত্রে জানা যায়, দাদন সকালে বাড়িতে ছিলেন। দুপুরে গোয়ালঘরের আড়ার সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় তাঁর লাশ পুলিশ উদ্ধার করে। এর আগে ওই দিন সকালে কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের অহিদুল মাতুব্বরের লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
গোপালগঞ্জ: শহরের মৌলভীপাড়া এলাকার নিহত উর্মিলার পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির একটি কক্ষে ওই তরুণীর গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশ দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেন।
নড়াইল: সদর উপজেলার তালতলা এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পেছনের একটি পুকুরে মোমরেজ শেখের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।