তিন জেলায় চারটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার ভাওরাইদ এলাকা থেকে গতকাল সোমবার এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ঢাকার কেরানীগঞ্জ ও মানিকগঞ্জের সাটুরিয়া থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার কেরানীগঞ্জ থেকে একটি মাথাবিহীন লাশ পাওয়া যায়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: সদর উপজেলার ভাওরাইদ এলাকা থেকে উদ্ধার হওয়া লাশটি ওই এলাকার নাসির উদ্দিনের মেয়ে মুন্নি আক্তারের (২৫)। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নিকে গত বৃহস্পতিবার সকালে কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে যায়। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাওরাইদ এলাকায় একটি জঙ্গলের পাশে এলাকাবাসী তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে মুন্নির পরিবারের লোকজন সেখানে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। জয়দেবপুর থানার পুলিশ সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর তাঁর লাশ ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে।
কেরানীগঞ্জ (ঢাকা): গতকাল বেলা তিনটায় উপজেলার আটিবাজার নতুন রায়ের চর অলি হাউজিং এলাকার নিজ বাড়ি থেকে আবদুল কুদ্দুসের (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুদ্দুসের পরিবারের সদস্যরা ঈদের ছুটিতে যশোর বেড়াতে গিয়েছিলেন। গতকাল যশোর থেকে ফিরে তাঁরা কুদ্দুসের লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর পাঠান। কুদ্দুসের বড় ছেলে মো. জসিম বলেন, ‘গত শনিবারের পর থেকে বাবার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গতকাল আমরা যশোর থেকে ফিরে ঘরে ঢুকে খাটের ওপর তাঁর লাশ পড়ে থাকতে দেখি। আমার বাবা সিএনজিচালিত অটোরিকশার ব্যবসা করতেন। তাঁর সঙ্গে কারও দ্বন্দ্ব ছিল না।’ কেরানীগঞ্জ থানার এসআই সবজেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দু-তিন দিন আগে কুদ্দুসকে হত্যা করে ঘরে লাশ ফেলে রেখে গেছে। এ ঘটনায় তাঁর ছেলে জসিম থানায় হত্যা মামলা করেছেন।
রোববার রাত ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সদরঘাটের ৭ নম্বর পন্টুনের সামনে বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাতনামা (৩২) এক ব্যক্তির মাথাবিহীন লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠায়। নিহতের পরনে একটি জিনসের প্যান্ট ছিল।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আবদুস সালাম জানান, ২০-২২ দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে পরিচয় গোপন করার জন্য মাথা আলাদা করে পানিতে লাশ ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মানিকগঞ্জ: গতকাল সকালে সাটুরিয়া উপজেলার চরতিল্লী গ্রামের মতির মোড় এলাকায় সড়কের পাশে নিচু স্থানে জমে থাকা বৃষ্টির পানির মধ্যে এক ব্যক্তির (৪০) লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর পরনে চেক লুঙ্গি ছিল।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।