তিন জেলায় জামায়াত ও ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার
তিন জেলায় জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মেহেরপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন, নড়াইলে লোহাগড়া উপজেলা জামায়াতের আমির বাদশা মোল্লা এবং সিলেটে জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদ। প্রতিনিধিদের পাঠানো খবর:
মেহেরপুর: জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেনকে (৫০) সদর উপজেলার আশরাফপুর গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। ওই গ্রামে সম্প্রতি একটি মারামারির ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, ফারুক হোসেনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও পাঁচটি মামলা আছে। আজ শনিবার তাঁকে আদালতে নেওয়ার কথা।
নড়াইল: লোহাগড়া উপজেলা জামায়াতের আমির বাদশা মোল্লা (৫৫) গ্রেপ্তার হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে লোহাগড়া থানার পুলিশ তাঁর গ্রাম বাকা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস বলেন, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সিলেট: জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নগরের কুয়ারপাড়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ বলেন, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।