তিন জেলায় তিন খুন, একজনের লাশ উদ্ধার
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত মঙ্গলবার স্ত্রীর হাতে স্বামী খুন হয়েছেন। এ ছাড়া গতকাল বুধবার নাটোরের সিংড়ায় মলি খাতুন (২৫) নামের এক গৃহবধূ এবং গুরুদাসপুরে আহম্মদ আলী (দেড় বছর) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এদিকে দিনাজপুরের বিরলে গতকাল সূর্য (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুপচাঁচিয়া থানার পুলিশ জানায়, কোঁচপুকুরিয়া গ্রামের শহীদুল ইসলামের (৪০) স্ত্রী খাদিজা বেগম সৌদি আরবে থাকেন। এক মাস আগে তিনি স্বামীর কাছে ১ লাখ টাকা পাঠান এবং দুই সপ্তাহ আগে দেশে আসেন। মঙ্গলবার রাতে খাদিজা স্বামীর কাছে ওই টাকার হিসাব চান। হিসাব না দেওয়ায় তিনি স্বামীকে বঁটি দিয়ে কোপ দেন। শহীদুল আহত হলে পরিবারের সদস্যরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি মারা যান।
দুপচাঁচিয়া থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, খাদিজাকে আসামি করে শহীদুলের মা সাইজান বিবি মঙ্গলবার রাতে থানায় মামলা করেন। খাদিজাকেরাতেই গ্রেপ্তার করা হয়।
সিংড়ার বলিয়াবাড়ী গ্রাম থেকে গতকাল সকালে গৃহবধূ মলির লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মলি উপজেলার বলিয়াবাড়ী গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী ও কালীনগর গ্রামের মকলেছ আলীর মেয়ে। মকলেছ বলেন, আলমগীর বিদেশে থাকায় মলিকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন। মঙ্গলবার বিকেলে মেয়ে মুঠোফোনে জানান, নতুন পোশাক শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পরতে দিচ্ছেন না। পরে গতকাল জানতে পারেন, তাঁর মেয়ে মারা গেছেন। তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছেন। তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সিংড়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, কীভাবে মলির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
গুরুদাসপুরে নিখোঁজের তিন দিন পর শিশু আহম্মদের লাশ গতকাল জুমাইনগর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। আহম্মদ ওই গ্রামের মন্তাজ মুন্সির ছেলে। সোমবার দুপুরে পাশের বাড়িতে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি আহম্মদ। মন্তাজ বলেন, তাঁর ছেলে নিখোঁজের পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। গতকাল বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে ছেলের লাশ ভাসতে দেখা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাঁর দাবি, ছেলেকে হত্যা করা হয়েছে।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার বলেন, আহম্মদের মুখে রক্ত ছিল। এটি হত্যা নাকি অপমৃত্যু, সেটা ময়নাতদন্তের পর বোঝা যাবে।
দিনাজপুরের বিরলে গতকাল সকালে সূর্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সূর্য সদর উপজেলার উত্তর মহেশপুর গ্রামের জগাতের ছেলে। পুলিশ জানায়, ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য কেতাবুল ইসলাম এবং ওই ইউনিয়নের নলদীঘি গ্রামের এক কৃষক সকালে ধানখেতে সার প্রয়োগ করতে আসেন। জমিতে সার প্রয়োগের সময় সেখানে তাঁরা সূর্যের লাশ দেখতে পান। পরে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ডান চোখের ওপর রক্তের চিহ্ন রয়েছে।
বিরল থানার ওসি আবদুল মজিদ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নাটোর ও গুরুদাসপুর, দুপচাঁচিয়া (বগুড়া) ও বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি}