তিন জেলায় তিন নারী খুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল বুধবার স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর আগের দিন যশোরের অভয়নগর উপজেলায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। একই দিন নড়াইল সদর উপজেলায় শ্বাসরোধে আরেক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বালিয়াকান্দিতে নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (৩৫)। তিনি পদমদী গ্রামের গঙ্গাচরপাড়ার জিল্লু শেখের (৪২) স্ত্রী। অভয়নগরে হত্যার শিকার হন নাসিমা বেগম (৫২)। তিনি বাহিরঘাট গ্রামের ওমর আলী বিশ্বাসের (৬০) স্ত্রী। নড়াইলে খুন হওয়া নারীর নাম রেনেসা বেগম (৭০)। তাঁর বাড়ি নাকসী গ্রামে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: নিহত ফাতেমা আক্তারের চাচাতো ভাই রাশেদ মণ্ডল বলেন, প্রায় ১৫ বছর আগে ফাতেমার সঙ্গে জিল্লু শেখের বিয়ে হয়। বছর খানেক আগে জিল্লুর দ্বিতীয় বিয়ে করেন। দেড় মাস আগে তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দেন। এরপর তিনি প্রায়ই ফাতেমাকে মারধর করতেন। গতকাল বুধবার সকালে মারধরের এক পর্যায়ে গুরুতর আহত হলে তিনি ফাতেমার মুখে বিষ ঢেলে দেন। প্রতিবেশী এক নারীকে দিয়ে ফাতেমাকে দুপুর ১২টার দিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির দেড় ঘণ্টা পর ফাতেমা মারা যান।
স্বামী জিল্লু শেখ বলেন, ফাতেমাকে শুধু একটি থাপ্পড় দেওয়া হয়েছে। এতে সে অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
সদর হাসপাতালের চিকিৎসক তারিক আনাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অভয়নগর (যশোর): নিহত নাসিমা বেগমের পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, স্বামী ওমর আলী বিশ্বাস প্রায়ই নাসিমা বেগমকে তাঁর পৈতৃক জমি বিক্রি করার জন্য চাপ দিতেন। এ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাঁদের ঝগড়া হয়। একপর্যায়ে ওমর আলী লাঠি দিয়ে নাসিমাকে মারধর করেন। এরপর চুল ধরে নাসিমার মাথা ঘরের দেয়ালের সঙ্গে আঘাত করতে থাকেন। চিৎকারে এলাকাবাসী এসে ঘরের মধ্যে নাসিমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় ওমর আলী বিশ্বাসসহ চারজনকে আসামি করে নাসিমার ভাই রেজাউল ফকির থানায় মামলা করেছেন।
নাসিমার ছোট ভাই জয়নাল ফকির বলেন, জমি বিক্রি করতে না চাওয়ায় তাঁর বোনকে হত্যা করা হয়েছে।
নড়াইল: নিহত রেনেসা বেগমের বড় ছেলে উপপরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, তাঁর মা বাড়িতে একা থাকতেন। মঙ্গলবার দুপুরে তাঁর বোন মাকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তা রিসিভ না করায় প্রতিবেশীদের কাছে ফোন করেন। প্রতিবেশীরা বাড়ির পেছনের দরজা খোলা দেখেন এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় রেনেসা বেগমের লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। টাকাপয়সা বা অন্য কারণে তাঁকে হত্যা করা হতে পারে।