তিন জেলায় তিন নারীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর ও নড়াইলের কালিয়া উপজেলায় দুই গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। আরেক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর তাঁর স্বামী পালিয়ে যান।

এ ছাড়া সাতক্ষীরার কলারোয়ায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে এসব ঘটনা ঘটে।

কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের নিহত গৃহবধূর নাম কোহিনুর বেগম (৩৮)। স্বামী মাসুদ শেখ (৫০) গত সোমবার দুপুরে তাঁকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে কোহিনুর গুরুতর আহত হন। পরে তাঁকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল মঙ্গলবার সকালে কোহিনুরের মৃত্যু হয়।

কালিয়া থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস বলেন, দুপুরে সদরের সিঙ্গা-শোলপুর বাজার থেকে মাসুদকে আটক করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে গোপালগঞ্জ সদরের পানাইল গ্রামে রওশন আরা বেগম নামের এক গৃহবধূকে তাঁর স্বামী নবীর শেখ শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাঁচ বছর আগে একই উপজেলার পার কুশলী গ্রামের নবীর শেখের সঙ্গে রওশন আরার বিয়ে হয়।
রওশন আরা বাবার বাড়িতেই থাকতেন। গত রোববার সন্ধ্যায় নবীর শ্বশুরবাড়ি বেড়াতে আসেন।

রওশন আরার বাবা হাফিজউদ্দিন বলেন, গতকাল সকালে ঘরের মধ্যে রওশন আরার লাশ দেখতে পান। এ সময় জামাতাকে খুঁজে পাওয়া যায়নি।

বৈলতলী পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত এসআই আবদুস সোবাহান বলেন, ধারণা করা হচ্ছে, রওশনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া বিকেল পাঁচটার দিকে গৃহবধূর স্বামী নবীরকে সদরের পার কুশলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

এদিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালি গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বেলা ১১টার দিকে সুফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

সুফিয়ার ভাই যশোর সদরের তেঁতুলিয়া এলাকার আবদুল খালেক বলেন, ওই বাড়িতে তাঁর বোন একাই থাকতেন। গতকাল সকালে তিনি বোনের সঙ্গে দেখা করতে এসে ঘরে লাশ দেখতে পান। তাঁর চোয়ালে ক্ষত ও গলায় দাগ রয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গৃহবধূর লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা, ফরিদপুর অফিস ও লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি}