তিন জেলায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলায় এক প্রতিবন্ধী শিশু (১১) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় লোকজন এ ঘটনায় জামাল হোসেন (৩০) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

সিরাজগঞ্জে লজেন্স কিনে দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নয় বছরের এক মাদ্রাসাছাত্রীকে তিন মাসের মধ্যে দুবার ধর্ষণ করার অভিযোগে অহিদুজ্জামান (৩০) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

যশোর সদর উপজেলায় প্রতিবন্ধী শিশুটিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত জামাল সদর উপজেলার শেখহাটি গ্রামের বাসিন্দা।

শিশুটির মা বলেন, তাঁদের বাড়িতে জামালের যাতায়াত ছিল। গতকাল দুপুর বারোটার দিকে বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে জামাল বাড়িতে ঢুকে তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেন। বাড়ি ফিরে মেয়ের গোঙানি শুনে ঘরে ঢুকে জামালকে ধরে ফেলেন। তাঁর চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জামালকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

কোতোয়ালি থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার সন্ধ্যায় সেরাজুল ইসলাম (২০) নামে এক যুবক পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা ওই দিন রাতেই উল্লাপাড়া থানায় সেরাজুলকে আসামি করে মামলা করেছেন। উপপরিদর্শক সবুজ রানা বলেন, ধর্ষককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

চাঁদপুরের শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশুটি চাঁদপুর সদর সরকারি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। অভিযুক্ত অহিদুজ্জামানকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি বাগেরহাটের মোল্লাহাটের চরআটজুড়ি গ্রামে এবং তিনি শাহরাস্তি পৌরসভার এক মাদ্রাসার শিক্ষক।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে শাহরাস্তি থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সোমবার দুপুরে অহিদুজ্জামান ওই ছাত্রীকে মাদ্রাসার অফিস কক্ষে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে ও তার বড় বোনকে হত্যার হুমকি দেন তিনি। বাড়ি ফেরার পরও রক্তক্ষরণ না থামায় শিশুটির মা তাকে দ্রুত শাহরাস্তি জেনারেল হাসপাতালে নেন। সেখান থেকে তাকে চাঁদপুর সদর ২৫০ শয্যা সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে ধর্ষণের আলামত শনাক্ত হলে সোমবার রাতে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে অহিদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত শিক্ষকের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

শিশুটির মা বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁর মেয়ে তাঁকে বলেছে, তিন মাস আগেও অহিদুজ্জামান তাকে একইভাবে ধর্ষণ করেন।

জবানবন্দি, রিমান্ড

টাঙ্গাইলের সখীপুরে প্রায় সাত মাস নির্জন বাড়িতে আটকে রেখে ধর্ষণের শিকার মেয়েটি (১৭) গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক মোতালেব হোসেন। টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রূপম কান্তি দাস জবানবন্দি রেকর্ড করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. সোহেল আলম বলেন, গাজীপুর থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে চলন্ত ট্রাকে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চালক মেহেদী হাসান (৩৫) ও তাঁর সহকারী তুহিনকে (৩২) জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফতাবুজ্জামান রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া ডাক্তারি পরীক্ষা শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসরাত জাহানের আদালতে জবানবন্দি দিয়েছে ওই কিশোরী।

এদিকে শরীয়তপুরের সখীপুরে স্কুলছাত্রী ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার মামলার বিষয়ে সখীপুর থানার ওসি মাকসুদুল আলম বলেন, অভিযুক্ত আফজাল ও তাঁর পরিবারের সদস্যরাও গ্রাম থেকে পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজশাহীতে বাগানবাড়িতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে গতকাল নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

আসামি দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জানান, রাজধানীর চকবাজারে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা তাঁর আত্মীয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চকবাজার থানার উপপরিদর্শক মো. আবদুল হক গতকাল বৃহস্পতিবার বলেন, আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধর্ষণের শিকার তরুণীর বাবা গত বুধবার চকবাজার থানায় মামলা করেন। তরুণীটি এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। আসামি একটি কারখানার শ্রমিক।