সাতক্ষীরায় গত শুক্রবার দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে মারধর ও শ্বাসরোধে হত্যা করেছে। একই দিন নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে এবং ভোলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া নড়াইল ও ঝালকাঠিতে এক শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর—
সাতক্ষীরা: তালা উপজেলায় নিহত ব্যবসায়ীর নাম কাজী আবু বক্কর সিদ্দিক (৩৫)। পাটকেলঘাটা থানার গৌরীপুর গ্রামে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আবু বক্কর গৌরীপুর গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে। তিনি গরুর ব্যবসায়ী ছিলেন।
আবু বক্করের ভাই কাজী রনি বলেন, রাত ১০টার দিকে একটি ফোন পেয়ে তাঁর ভাই বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি আর ফেরেননি। দুর্বৃত্তরা রাতে তাঁকে হত্যা করে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে গ্রামের একটি পাটখেতে লাশ ফেলে যায়। গতকাল শনিবার সকালে তাঁরা খবর পেয়ে লাশ শনাক্ত করেন। তিনি আরও বলেন, তাঁর ভাইয়ের গলায় গামছা বাঁধা ছিল ও শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে রক্ত ঝরছিল।
নড়াইল: কালিয়া উপজেলা ডাকবাংলো চত্বরে গত শুক্রবার রাতে ফরিদ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি কালিয়া পৌরসভার সীতারামপুর গ্রামের আনছার শেখের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সালাম শেখকে আটক করেছে।
নিহত ফরিদ শেখের পরিবারের সদস্যদের বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, ফরিদ শেখের স্ত্রীর সঙ্গে পাশের বেন্দারচর গ্রামের সালাম শেখের সম্পর্ক ছিল। ছয় মাস আগে ফরিদের স্ত্রী তাঁর ঘর ছেড়ে দেন। পরে সালিসের মাধ্যমে স্ত্রীকে আবার ঘরে তোলেন ফরিদ। গত ৫ এপ্রিল সালাম বোরকা পরে ফরিদের বাড়িতে গিয়ে তাঁর ওপর হামলা করেন। এ সময় এলাকাবাসী সালামকে আটক করে পুলিশে সোপর্দ করে। আড়াই মাস কারাবাসের পর ২০ জুন তিনি জামিনে বেরিয়ে আসেন।
গত শুক্রবার রাতে সালাম ফরিদকে বেধড়ক কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাজারের লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। কালিয়া থানার ওসি আবদুল গণি বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।
অপর ঘটনায় নিখোঁজের দুই দিন পর মেঘলা (৭) নামের এক শিশুর লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ও থানা-পুলিশ জানায়, কালিয়া উপজেলার নোয়াগ্রামের নজরুল ইসলামের মেয়ে মেঘলা গত বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রতিবেশীরা নোয়াগ্রামের সুলতান মুন্সির বাড়ির পাশের ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরে এক নারীর ঝুলন্ত লাশ গতকাল দুপুরে উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নীলা আক্তার (২৩)। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী হোমিও চিকিৎসক মো. আবদুল্লাহ পলাতক রয়েছেন।
থানা-পুলিশ সূত্র জানায়, আমুয়া বন্দরের কেয়া সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় আবদুল্লাহ তাঁর স্ত্রীকে নিয়ে থাকতেন। গতকাল সকালে তিনি ঘরের দরজা খুলে রেখেই বাইরে যান। পরে মার্কেটের দ্বিতীয় তলার অন্য বাসিন্দারা ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে নীলার মরদেহ দেখতে পান। খবর পেয়ে কাঁঠালিয়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভোলা: তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে মোশারেফ হোসেন ওরফে মশু নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
শুক্রবার রাত দুটার দিকে বালিয়াকান্দি গ্রামের নুরুল হকের ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢোকেন মোশারেফ হোসেনের নেতৃত্বে তিনজন ডাকাত। তাঁরা নুরুল হকের ছেলে মো. নয়নকে (১৮) এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে বোন রোজিনা আক্তার (২৩) ও মা পারুল বেগমকেও (৪৫) তাঁরা কুপিয়ে জখম করেন। এ ঘটনায় ঘরের মানুষ চিৎকার শুরু করেন এবং গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে মসজিদ থেকে মাইকিং করা হয়। পরে গ্রামবাসী মোশারেফকে ধরে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেন। অন্যরা পালিয়ে যান। পুলিশ রাত আড়াইটার দিকে মোশারেফের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তবে নিহত মোশারেফের স্ত্রী ইয়াসমিন বলেন, নয়নের সঙ্গে মোশারেফের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে তাঁকে ডেকে নিয়ে হত্যা করে গণপিটুনি বলে প্রচার করা হচ্ছে।