তিন জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের তিন জেলায় এক বৃদ্ধাসহ তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার ও গতকাল রোববার তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দৈবকীনন্দনপুর গ্রামের কুলসুম বেগম (৬৫), বাগেরহাটের রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামের ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক জুলফিকার আলী (২৬) ও যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের পান ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫০)।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: বোয়ালমারীর দৈবকীনন্দনপুর গ্রামবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে কুলসুম বেগম ও তাঁর নাতি আলমগীর (১০) ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ চিৎকার শুনে আলমগীর ঘুম থেকে জেগে ওঠে। তারপর নানির ঘরে গিয়ে তাঁকে গলায় ছুরিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তাঁরা পুলিশে খবর দেন। সম্প্রতি আগুনে ঘর পুড়ে যাওয়ার ঘটনায় পাওয়া অনুদানের টাকা নিয়ে কুলসুম বেগমের বড় মেয়ের জামাতা আহম্মদের সঙ্গে তাঁর (কুলসুম) দুই ছেলে জামাল ও ইসরাফিলের বিরোধ চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তাঁরা।
বাগেরহাট: নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামের জুলফিকার শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। বিকেলের পর তাঁর খোঁজ পাওয়া যায়নি। মংলা থানার পুলিশ সূত্রে জানা যায়, রামপাল ও মংলা উপজেলা সীমান্তের কাঠামারা গ্রামে খুলনা-মংলা মহাসড়কের পাশে জুলফিকারের লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। গতকাল ভোরে স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেন। নিহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এদিকে রামপাল থানা-পুলিশ গতকাল দুপুরে উপজেলার ঝনঝনিয়া এলাকা থেকে জুলফিকারের মোটরসাইকেলটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ছিনতাই করার জন্য তাঁকে হত্যা করা হয়েছে।
রামপাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনায় জড়িত সন্দেহে গাজী জুলফিকার ওরফে জুলু (৪৫) ও জাহাঙ্গীর শেখ (২৫) নামের দুজনকে আটক করা হয়েছে। মংলা থানার ওসি বেলায়েত হোসেন বলেন, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা লোহার রডজাতীয় কোনো ধাতব বস্তু দিয়ে আঘাত করে জুলফিকারকে হত্যা করে।
অভয়নগর (যশোর): থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের পান ব্যবসায়ী আনোয়ার হোসেন (৫০) বাড়িতে একা থাকতেন। উপজেলার নওয়াপাড়া ও খুলনার ফুলতলা পানের বাজারসহ বিভিন্ন বাজারে তিনি পান বিক্রি করতেন। গত শনিবার রাতে ঘরের বাইরে রক্ত দেখে এবং ঘর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘরের মধ্যে খাটের নিচ থেকে কাপড় ও মাদুর দিয়ে মোড়ানো আনোয়ারের লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। লাশটিতে পচনও ধরেছে।
থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, কে বা কারা তাঁকে হত্যা করে খাটের নিচে রেখে ঘরের কলাপসিবল গেটে তালা লাগিয়ে যায়।