তিন জেলায় তিনজন খুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পেড়িরচর গ্রামে গতকাল শুক্রবার সকালে এক যুবক এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামে এক কলেজছাত্র খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ শহরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারপাঠানো খবর:
নেত্রকোনা: কেন্দুয়ার পেড়িরচর গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত যুবকের নাম আমিনুল ইসলাম। তাঁর কলেজপড়ুয়া ভাতিজিকে উত্ত্যক্তকরণের প্রতিবাদ জানানোর জেরে গতকাল সকাল নয়টার দিকে একই গ্রামের কয়েকজন দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে আমিনুলের ওপর হামলা করেন। এ সময় তাঁকে বাঁচাতে গেলে তাঁর মা আছিয়া বেগমও গুরুতর আহত হন।
হবিগঞ্জ:হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামে গতকাল সকালে জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে টেঁটাবিদ্ধ হয়ে সেলিম মিয়া (২০) নামের ওই কলেজছাত্র নিহত হন। তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এই সংঘর্ষে আহত হয়েছেন আরও ১১ জন। সংঘর্ষে জড়িত সন্দেহে তৈয়ব আলী ও আবদুর রউফ নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কিশোরগঞ্জ:শহরের হারুয়া কসাইখানা এলাকায় সুফল মিয়া নামের এক যুবককে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মুন নামের আরেক যুবককে আটক করেছে পুলিশ। সুফল নিজ বাসা থেকে বের হয়ে কসাইখানা মসজিদের কাছে গেলে সেখানে কয়েকজন যুবক তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।