তিন জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন জেলায় গত দুই দিনে তিনজন খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ব্যক্তিকে পিটিয়ে এবং আগের দিন সন্ধ্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার নেত্রকোনার কেন্দুয়ায় পিটুনিতে এক তরুণের মৃত্যু হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর:
সিলেট: জমি নিয়ে বিরোধের জেরে বিয়ানীবাজার উপজেলার উত্তর দুবাগ গ্রামে রফিকুল ইসলাম চৌধুরী (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে তাঁর বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন রফিকুলের ভাতিজা তনজু মিয়াও ভাতিজি আমিনা বেগম। পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুলের সঙ্গে প্রায় তিন বছর ধরে জমি নিয়ে তাঁর ভাতিজাদের বিরোধ ছিল। এর জেরে ভাতিজারা গতকাল দুপুর ১২টার দিকে রফিকুলকে তাঁর বাড়ির পেছনে ডেকে নিয়ে যান। একপর্যায়ে তাঁকে বেধড়ক পেটান। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
কিশোরগঞ্জ: হোসেনপুর উপজেলার নৈপুরুরা গ্রামে সোহেল মিয়া (২৫) নামের এক যুবককে গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, নৈপুরুরা গ্রামের দীঘিরপাড় এলাকায় মেলা থেকে বাড়ি ফেরার পথে সোহেল মিয়া, সাদেক মিয়া ও হৃদয় মিয়া নামের তিন বন্ধুর ওপর দুর্বৃত্তরা হামলা করে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। নিহত যুবকের বাড়ি উপজেলার জগদল গ্রামে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা প্রথম আলোকে বলেন, মামলার প্রক্রিয়া চলছে।
কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় আহত তরুণ জামাল মিয়া (১৯) গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর বাড়ি উপজেলার গগডা গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের তাড়াইল উপজেলার আলমগীর হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।