তিন জেলায় তিনজন খুন
শরীয়তপুরের জাজিরা উপজেলায় গতকাল রোববার একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এর আগের দিন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ভাইয়ের হাতে খুন হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
জাজিরায় নিহত ব্যক্তির নাম সোনা মিয়া হাওলাদার (৩২)। তাঁর বাড়ি জয়নগর মোল্যা কান্দি গ্রামে। মুকসুদপুরে হত্যার শিকার ব্যক্তির নাম কাইউম শেখ (৩০)। তিনি কানুরিয়া গ্রামের বাসিন্দা। মোরেলগঞ্জে খুন হওয়া ব্যক্তির নাম মিজান শিকদার (৩২)। তাঁর বাড়ি পৌরসভার চৌদ্দঘর এলাকায়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শরীয়তপুর: জাজিরা থানা-পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, স্থানীয় দাদন হাওলাদার ও কালাম হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ছিল। গতকাল সকাল আটটার দিকে কালাম হাওলাদারের নেতৃত্বে ২৫-৩০ জন দাদন হাওলাদারের বাড়ি ঘিরে ফেলে। দাদন হাওলাদারের পরিবারের লোকজন প্রতিবেশী মিজান খানের বাড়িতে আশ্রয় নিতে যান। এ সময় মিজান খানের বাঁশবাগানে দাদন হাওলাদারের ভাই সোনা মিয়া হাওলাদারকে গুলি করে সন্ত্রাসীরা পলিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান খান বলেন, সন্ত্রাসীরা আমাদের বাঁশবাগানে লুকিয়ে থাকা সোনা মিয়াকে গুলি করে। আমাকে লক্ষ্য করেও সন্ত্রাসীরা গুলি ছোড়ে।
নিহত সোনা মিয়ার বাবা লাল মিয়া হাওলাদার বলেন, কালাম হাওলাদার ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে।
এ ব্যাপারে কথা বলার জন্য কালাম হাওলাদারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ফরিদপুর: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টায় বাড়ি পাশের পুকুরপাড় থেকে মাথা, চোখ ও কপালে ধারালো অস্ত্রের আঘাতে জখম অবস্থায় কাইউম শেখের মৃতদেহ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একই গ্রামের সেন্টু শেখ (৩০) ও সোনা মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে নিহত কাইউমের মা ফরিদা বেগম থানায় হত্যা মামলা করেছেন।
সেনদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. গিয়াসউদ্দীন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট: মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস বলেন, শুক্রবার রাতে মিজান ও তাঁর ছোট ভাই ইলিয়াস সিকদার (২৪) স্থানীয় একটি মাদ্রাসার মাঠে মাহফিল অনুষ্ঠানে যান। রাতে ইলিয়াস বাড়ি ফিরলেও মিজান নিখোঁজ হন। শনিবার সকালে বাবা আবুল বাশার শিকদার ছেলে মিজান শিকদার নিখোঁজ হয়েছেন জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় পুলিশ ইলিয়াসকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে মিজানকে হত্যার কথা স্বীকার করে ইলিয়াস লাশের সন্ধান দেন। পুলিশ ওই রাতেই স্থানীয় চৌদ্দঘর বাদুড়তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে মিজানের বস্তাবন্দী লাশ উদ্ধার করে।