তিন জেলায় তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গৃহবধূ, ফরিদপুর সদর উপজেলায় এক ব্যক্তি ও বরিশালের আগৈলঝাড়ায় এক তরুণ খুন হয়েছেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম বলেন, উপজেলার কান্দি ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের সীমা অধিকারী (৩৪) নামের গৃহবধূর মরদেহ বাড়ির পাশের খেত থেকে উদ্ধার করা হয়েছে। গৃহবধূর গলায় কালো দাগ দেখা গেছে। এ ব্যাপারে তাঁর স্বামী রমেশ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মৃতদেহ গতকাল বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই আবদুল গফফার বলেন, ফরিদপুরে ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর এলাকার একটি মাঠে লাশটি পড়ে থাকতে দেখা যায়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলা সদরের দক্ষিণ পালরদী গ্রামের রিকশাচালক মো. শাহীন খান (২৪) ১৩ মার্চ সন্ধ্যায় তাঁর পাওনা পাঁচ হাজার টাকা আদায় করতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। ১৫ মার্চ রাতে শাহীনের বাবা গৌরনদী মডেল থানায় একটি জিডি করেন। এর চার দিন পর গত বুধবার তাঁর বস্তাবন্দী লাশ আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গতকাল আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।