তিন জেলায় তিনজন খুন
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় গত বুধবার হোটেলের শিশু কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই দিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যুবলীগের সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর উপজেলায় এক তরুণীকে খুন করা হয়েছে।
বেনাপোলে হত্যার শিকার শিশুটির নাম মুন্না (১৪)। সে শার্শার বহিলাপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। দৌলতপুরে নিহত যুবলীগ সদস্যের নাম আক্কাস আলী (৩৫)। তাঁর বাড়ি দৌলতখালী গ্রামে। গোপালগঞ্জে খুনের শিকার তরুণীর নাম সাথী খানম ওরফে বিজলী (১৯)। তিনি গোবরা গ্রামের পোদ্দারের চর এলাকার সোহরাব শেখের মেয়ে।
চরভদ্রাসনে উদ্ধার করা লাশটি শামীম মোল্লার (২৫)। তিনি উপজেলার পূর্ব শালেপুর গ্রামের বাসিন্দা।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:
যশোর: থানার পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, নিহত মুন্না সোনার বাংলা আবাসিক হোটেলে কাজ করত। বুধবার সন্ধ্যায় মালিক আবু তালেব (৫২) তাকে হোটেলের ছাদে নিয়ে বেধড়ক লাঠিপেটা করে সিঁড়ি থেকে ফেলে দেন। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে প্রথমে শার্শার নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা জাহাঙ্গীর আলম আবু তালেবসহ তিনজনকে আসামি করে বেনাপোল বন্দর থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ গতকাল আবু তালেবের স্ত্রী নূরনাহার বেগম (৪২) ও ছেলে মিলন হোসেনকে (২৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আবু তালেব পলাতক রয়েছেন। তাঁরা শার্শার সাদিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় কয়েকজন বলেন, কয়েক দিন আগে ওই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড ঘটে। বিষয়টি আবু তালেবের স্ত্রী জানার পর তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আবু তালেবের ধারণা, তাঁর স্ত্রীকে মুন্না এ তথ্য জানিয়েছে। এর জের ধরে মুন্নাকে হোটেলের ছাদে নিয়ে মারধর করা হয়।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, ‘হোটেলমালিকের দাবি, মুন্না নেশাগ্রস্ত অবস্থায় হোটেলের ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরে হত্যার কারণ জানা যাবে।’
কুষ্টিয়া: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে আক্কাস আলী মোটরসাইকেলযোগে নাসির উদ্দিন (২৭) নামের একজনকে নিয়ে প্রাগপুর এলাকা থেকে দৌলতপুরে যাচ্ছিলেন। প্রাগপুর কালভার্টের কাছে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁদের গতিরোধের চেষ্টা করে। আক্কাস মোটরসাইকেল না থামিয়ে দ্রুত যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। নাসির দৌড়ে গিয়ে খবর দিলে মথুরাপুর ফাঁড়ির পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা আক্কাসকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নাসিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর বাড়ি চোকদৌলতপুর গ্রামে।
দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
ফরিদপুর : থানার পুলিশ সূত্র জানায়, সাথী খানম সোমবার রাতে পাশের বাড়ি আম কুড়াতে গিয়ে আর ফেরেনি। খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল বিকেলে বাড়ির কাছের একটি সেপটিক ট্যাংকের ভেতরে এলাকাবাসী পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা সাথীকে হত্যা করে সেপটিক ট্যাংকের ভেতর লুকিয়ে রেখেছে।’
চরভদ্রাসনে মৃত শামীমের পরিবারের সদস্যরা বলেন, বুধবার দুপুরের পর থেকে শামীমকে পাওয়া যাচ্ছিল না। গতকাল বেলা ১১টার দিকে ব্যাপারীর ডাঙ্গী মসজিদের পাশে পদ্মা নদীর একটি খালে স্থানীয় ব্যক্তিরা মাছ ধরতে গেলে লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত বলেন, শামীমের চাচা শফিজউদ্দিন মোল্লা অপমৃত্যুর মামলা করেছেন। লাশটিতে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য জানা হবে।