তিন জেলায় তিনজনকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শনিবার রাতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। একই দিন জামালপুরের সরিষাবাড়ীতে সালিস বৈঠকে একজনকে শ্বাসরোধে হত্যা করা হয়। গতকাল রোববার ময়মনসিংহ শহরে এক তরুণের লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার বাজে বিশারা গ্রামে শনিবার গভীর রাতে রিনা আক্তার (৪০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়। তিনি গ্রামের কুয়েতপ্রবাসী মো. দানেস মিয়ার স্ত্রী।
রিনা আক্তারের ভাশুর সুরুজ মিয়া বলেন, ‘ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় রিনার ঘরের পেছন দিক সিঁধ কাটা অবস্থায় দেখি। একপর্যায়ে ঘরের ভেতর টর্চলাইটের আলো ফেলে দেখি, রিনা গলা কাটা অবস্থায় পড়ে আছেন। একপর্যায়ে আমরা পুলিশে খবর দিই। কী কারণে এবং কারা আমার ছোট ভাইয়ের বউকে হত্যা করেছে, বুঝতে পারছি না। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, রাতের কোনো একসময় রিনাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘরের কোনো মালপত্রও খোয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ময়মনসিংহ: শহরের আকুয়া ভাঙ্গারপুল এলাকার একটি ডোবা থেকে গতকাল সকালে মো. ফরহাদ (২৪) নামের এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ডোবায় অজ্ঞাতনামা একজনের লাশ দেখে পুলিশে খবর দেন লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ সময় মো. ফরহাদের স্বজনেরা লাশ শনাক্ত করেন। মো. ফরহাদের পরিবার সূত্র জানায়, ফরহাদ ইজিবাইক চালাতেন। এলাকার কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ ছিল।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, ফরহাদকে হত্যার কিছু প্রমাণ পাওয়া গেছে।
সরিষাবাড়ী (জামালপুর): জেলার সরিষাবাড়ীতে শনিবার রাতে সালিস বৈঠকে মামা মুনছুর আলীকে (৫৫) ভাগনেরা শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও মুনছুরের পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে উপজেলার পাখাডুবি গ্রামের জাকির হোসেন পাশের বন্য গ্রাম এলাকার এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে কলহ চলছিল। এ বিষয়ে শনিবার রাতে জাকির হোসেনের বাড়িতে সালিস বসে। এতে হাজির হন জাকিরের মামা মুনছুর আলী। সালিস চলাকালে জাকির ও মুনছুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির ও তাঁর পরিবারের লোকজন মুনছুরকে গলা টিপে হত্যা করেন। ঘটনার পর থেকে জাকির ও তাঁর পরিবারের লোকজন পলাতক।
সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।