তিন জেলায় তিনটি শিশু ধর্ষণের শিকার
ফরিদপুর ও সুনামগঞ্জে দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদিকে কুড়িগ্রামে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা আসামিকে বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর
সুনামগঞ্জে ধর্ষণের শিকার আট বছরের শিশুটি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক কিশোরকে গ্রেপ্তার করেছে। শিশুটির মা বলেন, তাঁর চার ছেলেমেয়ে। তাঁর স্বামী তাঁদের ছেড়ে চলে গেছেন। সংসার চালাতে তিনি দিনমজুরি করেন। সকাল আটটায় কাজে যান আর ফেরেন রাত আটটায়। দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ছোট মেয়ে গত সোমবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরে। এরপর প্রতিবেশী এক ছেলে (১৮) তাকে ঘর থেকে ডেকে নেয়। এ সময় তাঁর সঙ্গে গ্রামের আরেকজন ছেলেও (১৯) ছিল। পরে ওই দুজন মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন।
মঙ্গলবার দুপুরে মেয়েটিকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন। তিনি বলেন, মামলা করার পর ছেলেদের পরিবারের পক্ষ থেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।
সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, মামলার পর ওই গ্রামে গিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা পর ধর্ষণের শিকার শিশুটির মামা বলেন, ১৫ দিন আগে গলায় টনসিলের সমস্যা নিয়ে হাসপাতালের নাক, কান ও গলা ইউনিটে ভর্তি হয় তাঁর ভাগনি। হাসপাতালে গোসলখানা অপরিষ্কার থাকায় ভাগনি বেশ কয়েক দিন গোসল করেনি। তাঁদের এলাকার সালমা বেগম নামের এক মেয়ে হাসপাতালের নার্স। গত সোমবার বিকেলে ভাগনি হাসপাতালের পাশে সালমার বাড়িতে গোসল করতে গিয়ে ধর্ষণের শিকার হয়। সালমার ভাই জুয়েল মাতুব্বর (২৫) তাঁকে ধর্ষণ করেন।
নার্স সালমা বেগম বলেন, ‘মেয়েটিকে জুয়েলই হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছিল। পরে জুয়েলই তাকে হাসপাতালে পৌঁছে দেয়। এর কিছুক্ষণ পর ওই কিশোরীর নানি আমাকে মুঠোফোনে জানান, জুয়েল মেয়েটিকে ধর্ষণ করেছে।’
কোতোয়ালি থানার পুলিশ গত মঙ্গলবার ওই নার্সের বাড়ি থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। জুয়েলকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপতি বিশ্বাস বলেন, হাসপাতালের নার্স সালমা বেগমকে গতকাল বুধবার কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধর্ষণের শিকার মেয়েটি কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।
এ ব্যাপারে শিশুর নানা বলেন, তাঁদের এলাকার আনোয়ার হোসেন তাঁর নাতনিকে ঢাকায় এক বাড়িতে গৃহকর্মীর কাজ দেন। প্রায় দুই বছর তার কোনো খোঁজ ছিল না। এ নিয়ে পরিবার ও এলাকাবাসী চাপ দিলে আনোয়ার ঢাকা থেকে শিশুটিকে গত বুধবার রাতে নাগেশ্বরীতে নিয়ে আসেন। নাগেশ্বরী থেকে গ্রামে পৌঁছানোর পথে আনোয়ার শিশুটিকে ধর্ষণ করেন। শিশুর পরিবারের অভিযোগ, এ ঘটনা ধামাচাপা দিতে গ্রামের মাতব্বর আবদুল করিম, আতিকুল ইসলামসহ কয়েকজন মাঠে নেমেছেন। তাঁরা লোক দেখানো সালিসের নামে আনোয়ারকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। বিচারে সন্তুষ্ট না হয়ে গত সোমবার তাঁরা থানায় মামলা করেন।
আনোয়ার মুঠোফোনে বলেন, পুলিশ তাঁকে আটক করে ধর্ষণের মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। ছয় হাজার টাকা নিয়ে তিন ঘণ্টা পর ছেড়ে দেয়।
উপজেলার কচাকাঁটা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ কারও কাছ থেকে কোনো টাকা নেয়নি।