তিন জেলায় দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার
গাজীপুরে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক নারীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে এক গৃহবধূসহ দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকা থেকে গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ওপর থেকে ওই নারীর (৫০) দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারীর পরনে ছিল লাল-সাদা প্রিন্টের শাড়ি। ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে তিনি নিহত হন।
রেলওয়ের টঙ্গী ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এমদাদুল হক বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ: সিঙ্গাইর উপজেলার কমলনগর গ্রাম থেকে গতকাল বিকেলে ঝরনা বেগম (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় চার বছর আগে কমলনগর গ্রামের রিয়াজুল ইসলামের সঙ্গে আজিমপুর গ্রামের ঝরনার বিয়ে হয়। দুই বছর আগে রিয়াজুল দুবাই চলে যান। এরপর তিনি আর বাড়ি আসেননি। স্ত্রীর সঙ্গে যোগাযোগও করেননি। কয়েক মাস ধরে ঝরনা বাবার বাড়িতে থাকতেন। গত রোববার তাঁর শ্বশুর মোহন ব্যাপারী ঝরনাকে স্বামীর বাড়িতে নিয়ে আসেন। কিন্তু গতকাল বেলা ১১টার দিকে ঘরে ভেতর গলায় ফাঁস নিয়ে ঝরনাকে ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজন। পরে বিকেল চারটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঝরনার চাচা আবদুল মালেক বলেন, তাঁর ভাতিজিকে হত্যা করা হয়েছে।
ঝরনার শ্বশুরবাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, এ ঘটনায় গৃহবধূর বাবা লিখিত অভিযোগ দিয়েছেন। অপমৃত্যুর মামলা হয়েছে।
মুন্সিগঞ্জ: সদর উপজেলার শহরের জগধাত্রীপাড়া এলাকায় তালুকদার ভিলা থেকে গতকাল সকালে বৈদ্যুতিক পাখায় ঝুলন্ত কাশেম দেওয়ান (৩২) নামের মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের কারণে কাশেম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কাশেমের বাড়ি সদর উপজেলার দক্ষিণ কেওয়ার গ্রামে। কিন্তু দুই মাস আগে স্ত্রীকে নিয়ে কাশেম শহরের জগধাত্রীপাড়ায় ভাড়া বাড়িতে ওঠেন।
সদর থানার ওসি ইউনুচ আলী ভূইয়া বলেন, সুরতহালে কাশেমের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।