তিন জেলায় পাঁচ যানে আগুন
নোয়াখালী, কুষ্টিয়ার ঈশ্বরদী ও জয়পুরহাটের আক্কেলপুরে পাঁচটি যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে নোয়াখালীতে একজন ট্রাকের সহকারী দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার রাতের বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নোয়াখালী: নোয়াখালীতে আজ মঙ্গলবার রাতে দুটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ইসমাইল হোসেন (৫২) নামে ট্রাকের একজন সহকারী দগ্ধ হয়েছেন। রাত সোয়া নয়টার দিকে ঘটনা দুটি ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রাত সোয়া নয়টার দিকে দুর্বৃত্তরা দত্তবাড়ি এলাকায় গমবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়ে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে ট্রাকের সহকারী ইসমাইল হোসেন দগ্ধ হন। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আগুনে ইসমাইল হোসেনের শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে গেছে।
একই সময় দুর্বৃত্তরা শহরের সোনাপুর কলেজ গেটে একটি ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক ও অটোরিকশার ক্ষতি হয়, তবে কেউ হতাহত হননি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
ঈশ্বরদী (কুষ্টিয়া): কুষ্টিয়ার ইশ্বরদী-কুষ্টিয়া সড়কের দিয়ার সাহাপুরে একটি গরু বোঝাই ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা।আজ রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।পেট্রলবোমায় ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। দুর্বৃত্তরা ট্রাকটি ভাঙচুরও করে। স্থানীয় জনগণ দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়নি। ঈশ্বরদী দমকল বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আক্কেলপুর (জয়পুরহাট): জয়পুরহাটের আক্কেলপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত আটটার দিকে উপজেলার রায়কালী- বেড়াগ্রাম সড়কের খাঁপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
ট্রাকটির চালক জাহাঙ্গীর মোল্লা প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা সাতটার দিকে আলুবোঝাই ট্রাকটি নিয়ে খাঁপাড়া নামক স্থানে গেলে ট্রাকের চাকায় পেরেক ঢুকে হাওয়া চলে যায়। তিনি সড়কের ওপর ট্রাকটি রেখে মেরামতের কাজ করছিলেন। রাত সাড়ে আটটার দিকে ৮-১০ জন লোক এসে তাঁর সহকারী নাঈমকে মারধর করে ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।