ঠাকুরগাঁও সদর উপজেলা, বরিশালের বানারীপাড়া ও নেত্রকোনার কলমাকান্দায় মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাতের মধ্যে এসব ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শুক্রবার এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, সর্বজনীন বিষ্ণুমন্দিরের সভাপতি চক্র মোহন সরকার বলেছেন, বৃহস্পতিবার মধ্যরাতের পর কয়েক ব্যক্তি মন্দির চত্বরে অবস্থিত কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করে। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পয়গাম আলীকে আটক করা হয়। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাঁর যোগসাজশ থাকার তথ্য পাওয়া গেছে।
বরিশাল অফিস জানায়, বানারীপাড়া উপজেলায় বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা পৌর কেন্দ্রীয় হরিসভা মন্দিরের নয়টি প্রতিমা ভাঙচুর করেছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক গতকাল বিকেলে বলেন, এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি বিবেকানন্দ কুণ্ডু একটি মামলা করেছেন। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে। তবে সন্ধ্যা পর্যন্ত হামলাকারী শনাক্ত করা সম্ভব হয়নি।
নেত্রকোনা প্রতিনিধি জানান, বুধবার রাতে কলমাকান্দা উপজেলার সাকুয়া ইন্দ্রপুর গ্রামের একটি পারিবারিক মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে মন্দিরের তত্ত্বাবধায়ক পরিচয় তালুকদার এ ঘটনায় কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওসি আবু বকর সিদ্দিক বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্দির দখলের চেষ্টার অভিযোগ: নওগাঁ প্রতিনিধি জানান, মান্দা উপজেলার মৈনম সর্বজনীন দুর্গামন্দির দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে দেয়াল কেটে মন্দির দখলের চেষ্টা করেন স্থানীয় গিয়াস উদ্দিন মণ্ডল ও তাঁর সহযোগীরা। এ সময় মন্দিরের প্রতিমা ও পূজার সরঞ্জামাদি খোয়া গেছে।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মন্দির কমিটির সভাপতি ব্রজেন্দ্রনাথ কবিরাজ এ ঘটনায় গিয়াস উদ্দিন মণ্ডল ও তাঁর ছেলে আবদুল কুদ্দুসসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গিয়াস উদ্দিনের ছেলে আবদুল কুদ্দুস দাবি করেন, তাঁদের কেনা ৬ শতাংশ জমি দখল করে ১০-১২ বছর আগে মন্দিরঘর তৈরি করা হয়েছিল। তিনি বলেন, ‘আমাদের জায়গা বুঝে নিয়ে সেখানে বেড়া দিয়েছি। সেখানে কোনো প্রতিমা ছিল না।’