তিন জেলায় প্রতিমা ভাঙচুর, দুজনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহর, বগুড়ার ধুনট ও ফরিদপুরের বোয়ালমারীতে তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। যশোরে দুই হামলাকারীকে স্থানীয় লোকজন ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

যশোর অফিস জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে শহরের ধর্মতলা এলাকার সর্বজনীন কালীমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, এ সময় মন্দিরে গীতা পাঠ করছিলেন পুরোহিত সাধন কুমার পাল। তখন শামীম ও জসিম নামের দুজনের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে পুরোহিতের হাত থেকে গীতা কেড়ে নেওয়ার চেষ্টা করে। পুরোহিত বাধা দিলে তাঁরা মন্দিরে থাকা রাধাকৃষ্ণ, লক্ষ্মী, গণেশ ও মনসামূর্তি ভাঙচুর করেন। হইচই শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে শামীম ও জসিমকে ধরে পিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
রাতেই যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। মামলার এজাহারে হামলাকারী শামীম ও জসিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ যশোর জেলা কমিটির উদ্যোগে আগামীকাল শুক্রবার বিকেলে শহরের চিত্রা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধুনট প্রতিনিধি জানান, জেলার ধুনটে দুর্বৃত্তরা চারটি প্রতিমা ভাঙচুরের করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে ধুনট পৌর এলাকায় ইছামতী নদীর তীরে শ্মশানঘাটে পূজা মন্দিরে এই প্রতিমাগুলো ছিল।

ধুনট উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার জানান, বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রতিমার মাথা ভাঙচুর করে শ্মশান ঘাটের পাশে ফেলে রেখেছে। বৃহস্পতিবার সকালে দিকে এ বিষয়টি দেখার পর ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশকে জানানো হয়েছে।
ধুনট থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর অফিস জানায়, বোয়ালমারীতে একটি পারিবারিক মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের আনন্দ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
আনন্দ বিশ্বাস বলেন, বুধবার রাত সাড়ে দশটার দিকে তাঁরা ঘুমাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা পারিবারিক মন্দিরে ঢুকে মনসা দেবীর প্রতিমাসহ কয়েকটি প্রতিমা ভেঙে ফেলে বলে তাঁরা ধারণা করছেন। সকালে উঠে তাঁরা প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।

ডহরনগর ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘খবর পেয়েই আমি বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।’