তিন জেলায় মা-ছেলেসহ চারজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর, বগুড়ার ধুনট ও কুষ্টিয়ার কুমারখালীতে কুপিয়ে ও পিটিয়ে মা-ছেলেসহ চারজনকে হত্যা করা হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার এসব হত্যাকাণ্ড ঘটে।
দিনাজপুরে নিহত মা-ছেলে হলেন বকুল আরা বেগম (২৪) ও বিনয় আল-দ্বীন (৪)। পারিবারিক কলহের জেরে সদরের কমলপুর ইউনিয়নের দক্ষিণ জয়দেবপুর গ্রামের ধান-চাল ব্যবসায়ী সোহরাব আলী (৩০) তাঁর স্ত্রী ও সন্তানকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
কৃষিকাজের পাশাপাশি সোহরাব ধান-চালের ব্যবসা করতেন।
সোহরাবের বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব বলেন, চার ভাইয়ের মধ্যে সোহরাব সবার ছোট। তাঁরা সবাই এক বাড়িতেই থাকেন। তাঁর ভাষ্যমতে, রোববার রাতে তারাবির নামাজের পর খাবার খেয়ে তাঁরা ঘুমাতে যান। রাত ১২টার দিকে হঠাৎ তাঁর মায়ের চিৎকারে সবার ঘুম ভাঙে। মায়ের কাছ থেকে শুনে সবাই সোহরাবের ঘরে গিয়ে দেখেন, মেঝেতে তাঁর স্ত্রী ও সন্তানের রক্তাক্ত লাশ পড়ে আছে।
সোহরাবের ভাই আহসান হাবীব বলেন, ঘটনার পরপরই সোহরাব পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির পাশে ‘বকশি দিঘির মোড়’ এলাকায় স্থানীয় লোকজনের সহায়তার তাঁকে ধরে একটি ঘরে আটকে রাখা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত খান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশগুলো মর্গে পাঠানো হয়েছে। বকুল আরার মাথা, কাঁধ, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। আর তাঁর শিশুসন্তানকে গলা কেটে হত্যা করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম জানান, এ ঘটনায় বকুল আরার বাবা জামাতা সোহরাবকে আসামি করে থানায় মামলা করেছেন। সোহরাব স্ত্রী ও ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন।
বগুড়ার ধুনটে নিহত ব্যক্তির নাম মতিউর রহমান (৪০)। তিনি উপজেলার গোপালনগর ইউনিয়নের বলারবাড়ি গ্রামের মোনছের আলীর ছেলে। এ ঘটনায় মতিউরের স্ত্রী থানায় মামলা করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মতিউর গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি বাজারের জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি এ বছর তারাবির নামাজও পড়াচ্ছিলেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ শেষ করে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে বানিয়াগাতি ও বলাবাড়ির মধ্যকার ফাঁকা রাস্তায় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।
মতিউরের স্ত্রী মর্জিনা খাতুন অভিযোগ করেন, গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ নিতে কয়েকজনের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ ছিল। সেই বিরোধের জেরে হয়তো তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। অধিক তদন্ত না করে এ হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলা সম্ভব না।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মাঠ থেকে গতকাল সকালে হাত-পা বাঁধা অবস্থায় হান্নান শেখ (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের রহমত শেখের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, হান্নান রোববার বিকেলে স্থানীয় বোয়ালিয়া বাজারের উদ্দেশে বাড়ি হতে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়েছেন দিনাজপুর ও কুষ্টিয়া অফিস এবং ধুনট (বগুড়া) প্রতিনিধি]