তিন জেলায় সংঘের্ষ নিহত ৩, আহত ৫২
ফরিদপুরের সদরপুর ও সালথায় পৃথক সংঘর্ষে আনসার সদস্যসহ দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ৩০ জন আহত হন। বরিশালের গৌরনদীতে মাহিলাড়া গরুর হাটের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। গত রোববার থেকে গত মঙ্গলবার এসব ঘটনা ঘটে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
ফরিদপুর: সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবুর রহমান মাতুব্বর জানান, এলাকার আদম ব্যবসায়ী দেলোয়ার মাতুব্বর কয়েক দিন আগে এলাকার বাবুর আলী মোল্লারকান্দি এতিমখানা মাদ্রাসা ও পাশের একটি মহিলা মাদ্রাসার জন্য চামড়া তোলার উদ্যোগ নেন। কিন্তু এলাকাবাসী তাতে সায় দেননি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দেলোয়ারের লোকজন মঙ্গলবার এলাকাবাসীর ওপর হামলা চালান। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দেলোয়ার নিহত হন। এতে আরও সাতজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সোমবার সালথার কাগদী গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে এক আনসার সদস্য নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের বেলাল মাতুব্বর ও সোহাগ মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সোমবার সকাল আটটার দিকে দুই পক্ষের সমর্থকেরা ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত হয়ে একটি পক্ষের সমর্থক আনসার সদস্য আজিজুর খন্দকার (৫০) সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ঝিনাইদহ: পুলিশ ও গ্রামবাসী জানান, শৈলকুপার বগুড়া ইউনিয়নের রতনাট গ্রামে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উভয় পক্ষেরই নেতৃত্ব দেন ক্ষমতাসীন দলের সমর্থক নজরুল ইসলাম ও চাঁদ আলী নামের দুই ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দুই পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩১ জন আহত হন। তাঁদের মাগুরা ও ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। রাত নয়টার দিকে মাগুরা সদর হাসপাতালে আলম সরদারের মৃত্যু হয়। এ ঘটনায় নজরুল, চাঁদ আলীসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
গৌরনদী (বরিশাল): মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাহিলাড়া স্কুল মাঠে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানো হয়। হাটের লভ্যাংশের টাকা ভাগ-বাঁটোয়ারা করতে রোববার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা সংগঠনের সহসভাপতি ও মাহিলাড়া বাজার কমিটির সভাপতি রেজাউল করিম হারুন বয়াতির ব্যবসায়িক প্রতিষ্ঠানে বৈঠকে বসেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা কে কত টাকা লভ্যাংশ পাবেন, তার তালিকা তৈরি করা হয়। এতে আপত্তি করেন মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল সরদার। এ নিয়ে রেজাউল ও কামালের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউলের ওপর হামলা চালানো হয়।
এ খবর ছড়িয়ে পড়লে রেজাউলের সমর্থকেরা পাল্টা হামলা চালান। এতে যুবলীগের নেতা কামাল, রুবেল হোসেন, শাহিন সরদারসহ উভয় পক্ষের সাতজন আহত হন। গুরুতর অবস্থায় রেজাউল ও কামালকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেজাউলের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন।