তিন জেলায় সাতজনকে কারাদণ্ড
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল বুধবার দুই নারীসহ ক্লিনিকের চার দালালকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন টাঙ্গাইলের সখীপুরে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ী ও শেরপুরের শ্রীবরদীতে এক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে জাহানারা বেগম, আনোয়ার হোসেন, রোকেয়া ও মো. মোস্তাফিজকে আটক করেন। আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সখীপুর (টাঙ্গাইল): গতকাল ভোরে উপজেলার ধোপারচালায় পুলিশ ও র্যা বের ৪০ জন সদস্য অভিযান চালান। এ সময় ২০০ লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে ধ্বংস করা হয়। এ ছাড়া মাদক ব্যবসায়ী আশিস কুমার কোচ ও মঞ্জুয়া রানীকে আটক করা হয়। পরে আশিস কুমার ও মঞ্জুয়া রানীকে ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগের আদালতে হাজির করা হয়। আদালত আশিস কুমারকে ছয় মাসের ও মঞ্জুয়া রানীকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
শেরপুর: শ্রীবরদীর চককাউরিয়া গ্রামে মাদক বেচাকেনা হচ্ছে—এমন খবর পেয়ে গতকাল সকালে ইউএনও হাবিবা শারমীনের নেতৃত্বে ওই গ্রামের বিলচান রবিদাসের বাড়িতে অভিযান চালানো হয়। বিলচানের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।