তিন জেলায় স্কুলছাত্রসহ চারজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুলের ছাত্র হাবিবুল্লাহ হাসানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
পাবনা কালেক্টরেট পাবলিক স্কুলের ছাত্র হাবিবুল্লাহ হাসানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিদ্যালয়ের সামনে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

যৌতুক না পেয়ে নাটোর শহরে গত বুধবার রাতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার একটি বিলে পুঁতে রাখা অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া বুধবার চাঁপাইনবাবগঞ্জে এক তরুণের ও পাবনায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: পুলিশ ও নিহতের পরিবারের বর্ণনা অনুযায়ী, বুধবার রাতে নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম মরিয়ম বেগম (৩৫)। তিনি শহরের বনবেলঘরিয়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। রফিকুল বিস্কুট ব্যবসায়ী। তিনি ৪০ হাজার টাকা যৌতুক না পেয়ে বুধবার বিকেলে মরিয়মকে মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। রাতে সেখান থেকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। এর পরপরই মরিয়মের লাশ ফেলে রেখে তাঁর স্বামী, শ্বশুর ও শাশুড়ি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশটি উদ্ধার করে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, লাশের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিয়মিত মামলা করা হবে।
এদিকে গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার কালুর মোড় এলাকার চিতলগাড়ী বিল থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, বিলের একটি আখখেতে লাশটি পুঁতে রাখা হয়েছিল। এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ১০ থেকে ১২ দিন আগে এই যুবককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধিনগর থেকে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শিবগঞ্জের তেররশিয়া গ্রামের একতার আলী (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় হত্যা মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সদর থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত শনিবার থেকে একতার নিখোঁজ ছিলেন। তিনি শহরের উদয়ন মোড়ে একটি ভাড়া দোকানে ফলের ব্যবসা করতেন। দোকান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাঁকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
পাবনা: সদর উপজেলার সিংগা এলাকার একটি লিচুবাগান থেকে বুধবার সন্ধ্যায় হাবিবুল্লাহ হাসান (১৪) নামের এক স্কুলছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জেলা শহরের শহীদ টিংকু লেনের বাসিন্দা মহসিন আলমের ছেলে, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। পুলিশের ধারণা, হাবিবুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
হাবিবুল্লাহর পৈতৃক বাড়ি সাঁথিয়া উপজেলার মেহেদীনগর গ্রামে। বাবা মহসিন আলী পাবনায় ব্যবসা করেন। পরিবারের সদস্যদের নিয়ে শহরের টিংকু লেনের একটি বাড়িতে ভাড়া থাকেন। হাবিবুল্লাহ বুধবার সকাল ১০টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় তার বস্তাবন্দী লাশ পাওয়া যায়।
সদর থানার এসআই রুহুল আমিন বলেন, ছেলেটির গলায় ফাঁসের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তাবন্দী করে ফেলে রেখেছিল।
হাবিবুল্লাহর বাবা মহসিন আলী বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’
এ ঘটনায় পাবনা কালেক্টরেট পাবলিক স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা গতকাল দুপুর ১২টার দিকে স্কুলের সামনের সড়কে মানববন্ধন করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গতকাল বিকেলে জানতে চাইলে পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘হত্যার কারণ উদ্ঘাটনে আমরা তদন্ত শুরু করেছি। কোনো মামলা হয়নি।’