তিন জেলায় ৩ লাশ উদ্ধার
লক্ষ্মীপুর, কক্সবাজারের চকরিয়া ও চট্টগ্রামের ফটিকছড়ি থেকে অজ্ঞাতনামা তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর: সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন জানান, গতকাল শনিবার লক্ষ্মীপুর পৌরসভার পৌর শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের পেছনের পুকুরে এক তরুণীর (২৫) লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি জানান, ওই তরুণীর পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্যাহ আল মামুন ভূঁইয়া জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
চকরিয়া: চকরিয়ায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ ইসমাইল বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
পুলিশের ধারণা, ওই যুবককে গাড়ি থেকে ফেলে দিয়ে হত্যা করা হতে পারে অথবা তিনি গাড়ি থেকে নিজেই পড়ে যেতে পারেন।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দুইল্যাছড়ি এলাকার একটি মাছের ঘের থেকে গতকাল অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ফটিকছড়ি থানার এসআই মুহাম্মদ সৈয়দ আলম বলেন, ওই ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। তাঁর পরনে ছিল হলুদ রঙের টি-শার্ট ও কালো প্যান্ট। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।