তিন জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ২, গুলিবিদ্ধ ১
তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে সাভারে গতকাল বুধবার র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগের দিন রাতে যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এক যুবক। তবে ওই যুবকের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে ধরে নিয়ে গিয়ে ঘাড়ে গুলি করে হত্যা করেছে। এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
এ ছাড়া কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত আরেক বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর অদূরে সাভারের কাউন্দিয়ায় গতকাল ভোররাতে র্যাব-৩-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন আনোয়ার হোসেন ওরফে আনার (৪২) নামের একজন। র্যাব দাবি করেছে, সন্ত্রাসী বাহিনী গাঙচিলের প্রধান ছিলেন আনোয়ার। তাঁর বাড়ি কাউন্দিয়ার মেলারটেকে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, যে ব্যক্তি নিহত হয়েছেন তিনি গাঙচিল বাহিনীর প্রধান আনোয়ার হোসেন ওরফে আনার নন।’
র্যাব বলেছে, ওই বাহিনীর সদস্যরা মেলারটেক এলাকায় টুটুল নামের এক ব্যক্তির বাড়িতে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল। গতকাল ভোর চারটার দিকে র্যাব অভিযান চালালে বাড়ির ভেতর থেকে গুলি চালায় সন্ত্রাসীরা। র্যাবের পাল্টা গুলিতে আনোয়ার গুলিবিদ্ধ হন। অন্যরা পালিয়ে যান। আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। র্যাব জানায়, ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল ও ১৪টি গুলি উদ্ধার করা হয়েছে।
বাড়ির মালিক টুটুলের মা মিনু বেগম বলেন, ভোররাতে র্যাব তাঁদের বাড়িটি ঘিরে ফেলে। দোতলার একটি ফাঁকা স্থান দিয়ে ও ফটক ভেঙে তারা ভেতরে ঢোকে। এরপর গুলির শব্দ শোনেন তাঁরা। কিছুক্ষণ পর দোতলায় এক লোককে পড়ে থাকতে দেখা যায়। র্যাব সদস্যরা তাঁর ছেলে টুটুলকেও ধরে নিয়ে গেছে।
বাড়িতে গাঙচিল বাহিনীর সদস্যদের আস্তানা ছিল কি না জানতে চাইলে মিনু বেগম এ বিষয়ে কিছু বলতে চাননি। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর আগে কাউন্দিয়াসহ আমিনবাজার এলাকায় গাঙচিল বাহিনীর তৎপরতা ছিল। আনোয়ার নামের একজন ছিলেন এর প্রধান।
র্যাব-৩-এর অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার বলেন, আনোয়ারের বিরুদ্ধে সাভার মডেল থানায় তিনটি হত্যা, দুইটি অস্ত্র ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তিনি টুটুলকে আটকের কথা অস্বীকার করেছেন।
গতকাল বিকেলে সাভার মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, ওই ঘটনায় র্যাবের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। নিহত ব্যক্তি গাঙচিল বাহিনীর প্রধান আনোয়ার কি না তা তদন্ত ছাড়া বলা মুশকিল।
যুবককে ধরে নিয়ে হত্যার অভিযোগ
যশোর সদর উপজেলায় গত মঙ্গলবার গভীর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মো. রাসেল ওরফে রনি (৩০) নামে এক যুবক। স্বজনের অভিযোগ, তাঁকে পুলিশ ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। রাসেল চৌগাছা পৌর এলাকার কোল্ড স্টোর পাড়ার আবদুল গণির ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, ওই রাতে জগহাটি এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হয়। এ সময় রাসেল ঘাড়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও একটি গুলিসহ একজনকে আটক করা হয়েছে। রাসেলের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
হাসপাতালে আসা রাসেলের মামি সানিয়া খাতুন বলেন, ‘রাসেলকে পুলিশ ধরে নিয়ে ঘাড়ে গুলি করে হত্যা করেছে। তার নামে ছয়টি মামলা রয়েছে। এ জন্য রাসেল বাড়িতে থাকত না। সে আগে নছিমন চালাত।’
অভিযোগ অস্বীকার করে ওসি ইলিয়াস হোসেন বলেন, ‘পুলিশ কাউকে গুলি করে হত্যা করেনি। ডাকাতদের নিজেদের ছোড়া গুলিতে মরেছে।’ এ ব্যাপারে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
কুমিল্লায় একজন গুলিবিদ্ধ
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমানের ভাষ্যমতে, মঙ্গলবার রাত আড়াইটায় সাত-আটজনের একটি ডাকাত দল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির চেষ্টা চালায়। টহল পুলিশ ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে আমির হোসেন (২৫) নামে একজন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আমিরের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীরহাট গ্রামে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় হাইওয়ে পুলিশ দুটি মামলা করেছে।