তিন জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে, নাটোরের বড়াইগ্রামে ও রাজশাহী নগরে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৃথক এসব ঘটনা ঘটে।

ঢাকায় নিহত ব্যক্তির নাম মনির হোসেন (৬৫) , নাটোরে কাবিল হোসেন (৪৫) ও রাজশাহীতে আব্দুর রশিদ (৪৮)।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর

ঢাকা: মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী মনির হোসেন ওরফে সিক্সটি ফাইভ মনির (৬৫) কেরানীগঞ্জের আঁটি ভাওয়াল এলাকায় তাঁর সহযোগীদের নিয়ে অবস্থান করছ-এমন গোপন খবর ছিল র‍্যাবের কাছে। এর ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-২-এর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় মনিরকে পাওয়া যায়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বিরুদ্ধে ঢাকার কয়েকটি থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি পিস্তল, একটি শুটারগান, পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে র‍্যাব।

নাটোর: র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, গতকাল রাতে র‌্যাবের একটি টহল দল মহিষভাঙ্গা এলাকায় সড়কে টহল দেওয়ার সময় মহিষভাঙ্গা কমিউনিটি ক্লিনিকের পাশে কিছু লোকের আনাগোনা দেখতে পায়। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। র‍্যাব আত্মসমর্পণের করতে বললে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির নাম কাবিল হোসেন। তিনি জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকসংক্রান্ত ১৩টি মামলা রয়েছে।

রাজশাহী: রাত ১১টার দিকে র‌্যাবের একটি টহল দল নগরের বেলপুকুর থানার তাড়াস উত্তরপাড়া গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় আইয়ুব আলীর আম বাগানে টর্চের আলোসহ কিছু লোকের আনাগোনা দেখতে পায়। র‍্যাব সদস্যরা বাগানের দিকে এগিয়ে গেলে ওই লোকগুলো দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের থামতে বললে তারা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আহত র‌্যাবের দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুইটি গুলি, ৫৮ বোতল ফেনসিডিল, একটি টর্চ লাইট দুটি স্যান্ডেল, একটি গামছা, একটি দিয়াশলাই, এক প্যাকেট সিগারেট, একটি মোবাইল, দুইটি সিমকার্ড ও গ্যাস লাইট উদ্ধার করে।