তিন ট্রলারসহ ৪২ ভারতীয় জেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে গত সোমবার তিনটি ট্রলারসহ ৪২ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছেন নৌবাহিনীর সদস্যরা। এ ঘটনায় মংলা থানায় মামলা হয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, মংলা বন্দর থেকে প্রায় ৮০ নটিক্যাল মাইল দূরে ফেয়ারওয়ে বয়াসংলগ্ন বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে গত রোববার রাতে মাছ ধরছিলেন ভারতীয় জেলেরা। এ সময় ওই এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বিএনএস কপোতাক্ষ ভারতীয় তিনটি ট্রলারকে আটক করে। এফবি মা কালী, এফবি সাইমন ও এফবি গঙ্গাবতী নামে ওই তিনটি ট্রলারে থাকা ৪২ জেলেকে আটক করা হয়। তাঁদের সোমবার রাতে মংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মংলা থানার উপপরিদর্শক মনজুর এলাহী বলেন, আটক ভারতীয় জেলেদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই জেলেদের বাড়ি কলকাতার হুগলি, কাকদ্বীপ ও চব্বিশ পরগনা এলাকায়। এর মধ্যে একজন সিঁড়ি থেকে পড়ে আহত হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪১ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশের প্রতিবাদে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে গত ২৭ জুন মানববন্ধন করা হয়। সেদিন প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন স্থানীয় মৎস্যজীবীরা। এর আগে ভারতীয় ট্রলারে করে ইলিশ শিকারের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেন ওই জেলেরা। এ ঘটনায় ‘বাংলাদেশের জলসীমায় মাছ ধরছে ভারতীয়রা’ শিরোনামে গত ২৯ জুন প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।