রাজশাহী কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের হামলা
তিন তত্ত্বাবধায়কের পদত্যাগপত্র জমা, চলে যাচ্ছেন ছাত্ররা
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে ছাত্রলীগের হামলার ঘটনায় ছাত্রাবাসটির প্রধান তত্ত্বাবধায়কসহ তিন তত্ত্বাবধায়কই পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও কলেজ অধ্যক্ষ গতকাল সোমবার পর্যন্ত তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেননি।
এদিকে ছাত্রলীগের হামলার পর আতঙ্কে আবাসিক ছাত্ররা ছাত্রাবাস ছেড়ে চলে যাচ্ছেন। ছাত্র কমে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্রাবাসটির একটি ডাইনিং।
কলেজ ও ছাত্রাবাস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মুসলিম ছাত্রাবাসের নিউ ব্লকের একটি কক্ষে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় এক ছাত্রকে রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়।
তবে ছাত্রলীগের দাবি, শিবিরের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। কিন্তু সাধারণ ছাত্ররা বলেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা সাধারণ ছাত্রদের জোর করে মিছিলে নিয়ে যান। মিছিলে না গেলে তাঁদের নির্যাতন করা হয়।
হামলায় আহত ছাত্রের নাম মামুন। তিনি গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান হাসপাতালে মামুনকে দেখতে গিয়েছিলেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘মামুন একজন সাধারণ ছাত্র। সে ভুল হামলার শিকার হয়েছে। ওদের (ছাত্রলীগের কর্মী) লক্ষ্য ছিল তার পাশের ছাত্র।’
ছাত্রাবাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার দায় স্বীকার করে ঘটনার পরের দিন প্রধান তত্ত্বাবধায়ক ইলিয়াস উদ্দিন এবং দুই তত্ত্বাবধায়ক আনিসুজ্জামান ও আবদুর রাজ্জাক অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, ছাত্রাবাসের পরিবেশ ঠিক রাখতে না পারার জন্য তিনি তত্ত্বাবধায়কদের একটু বকেছিলেন। এ জন্য তাঁরা নিজেদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তিনি তা এখনো গ্রহণ করেননি।
এ বিষয়ে কথা বলতে চাইলে ছাত্রাবাসের কোনো তত্ত্বাবধায়ক কথা বলতে রাজি হননি।
গতকাল সোমবার দুপুরে মুসলিম ছাত্রাবাসের নিউ ব্লকে গিয়ে দেখা যায়, ডাইনিংয়ের চেয়ার ও টেবিল উপুড় করে রাখা। ব্লকের ৬৯ জন ছাত্রের মধ্যে মাত্র কয়েকজন ছাত্রাবাসে উপস্থিত। এক ছাত্র বলেন, ভয়ে ছেলেরা চলে গেছে। ডাইনিংও বন্ধ হয়ে গেছে। তাঁরা পাশের ব্লকের ডাইনিংয়ে খাচ্ছেন।
আরেক ছাত্র বলেন, ছাত্রদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কে কখন হামলার শিকার হন, সেই ভয়ে ছাত্ররা চলে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা ফিরে আসবেন।