২৯ বছর আগে জমি নিয়ে বিরোধের জের ধরে খুন হয়েছিলেন রাজা মামুদ। ওই জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় এবার নিহত হয়েছেন তাঁর ছেলে দুলাল হোসেন (৪০)। এ ঘটনা টাঙ্গাইলের সখীপুর উপজেলার মুচারিয়া পাথার গ্রামের।
এদিকে দুলাল হোসেন হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। উপজেলার সখীপুর-সিডস্টোর সড়কের মুচারিয়া পাথার জয়বাংলা বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে ইছাদিঘী ও মুচারিয়া পাথার এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে উপজেলার মুচারিয়া পাথার গ্রামে সাড়ে তিন একর জমি নিয়ে রাজা মামুদের সঙ্গে তাঁর বংশের নব্বেছ আলীর বিরোধ দেখা দেয়। ওই জমিতে রাজা মামুদ হালচাষ করতে গেলে নব্বেছ আলীর সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এতে ঘটনাস্থলেই রাজা মামুদ মারা যান। তিনি পাঁচ সন্তান রেখে যান। তাঁর বড় ছেলে জামাল হোসেন বলেন, ওই ঘটনায় মামলা হয়েছিল। তবে বছর দুয়েক পর স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করে মামলা তুলে নেওয়া হয়।
সম্প্রতি ওই জমি নিয়ে জামাল হোসেন ও তাঁর ভাইদের সঙ্গে তাঁদের চাচাতো চাচা আবুল হোসেনের বিরোধ হয়। ৮ আগস্ট দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন ৯ আগস্ট আবুল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে দুলাল হোসেনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় দুলালকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার রাতে সেখানে দুলালের মৃত্যু হয়। পরদিন জামাল হোসেন বাদী হয়ে চাচা আবুল হোসেনকে প্রধান করে ১৮ জনের বিরুদ্ধে খুনের মামলা করেন।
দুলালের স্ত্রী জরিনা বেগম বলেন, ‘দুই মেয়ে ও এক ছেলে নিয়ে কীভাবে সংসার চালাব, ভেবে পাচ্ছি না। খুনিদের ফাঁসি চাই যেন জমি নিয়ে আর কেউ আমার মতো বিধবা না হয়।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘শুনেছি একই জমি নিয়ে দুলাল হোসেনের বাবাও খুন হয়েছিলেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।’