তিন দিন পর ঘরের মেঝে খুঁড়ে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার নতুন সারটিয়া গ্রামের ইবনে বতুতা ওরফে মুনমুন সরকার (৩৬)। নতুন সারটিয়া কামারপাড়া গ্রামের পলাশ সূত্রধরের কাছ থেকে সুদে দুই লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু টাকা সময়মতো ফেরত না দেওয়ায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর থেকে মুনমুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পলাশের ঘরের মেঝের মাটি খুঁড়ে আজ মঙ্গলবার পাওয়া যায় মুনমুনের লাশ।

মুনমুনের বড় ভাই ইবনে কাশেম জানান, মুনমুন পলাশের কাছ থেকে সুদে টাকা নিয়েছিল। এই টাকা নিয়ে কয়েক দিন আগে সে বাড়িতে গিয়ে গালাগালি করে। পরে টাকা নিয়ে মুনমুন গত রোববার (২৩ জুলাই) পলাশের বাড়িতে যান। এরপর থেকে মুনমুনের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন জানান, তিন দিন পেরিয়ে গেলেও মুনমুন বাড়িতে না ফেরায় তাঁর স্বজনেরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্বজনেরা আজ মঙ্গলবার দুপুরে পলাশের বাড়িতে যায়। সেখানে গিয়ে ঘর তালাবদ্ধ দেখে সন্দেহ হলে পুলিশ তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর ঘরের মেঝেতে মাটির খোঁড়ার চিহ্ন দেখে সন্দেহ আরও জোরালো হয়। পুলিশ কোদাল দিয়ে মাটি সরাতেই মুনমুনের লাশ বেরিয়ে আসে। এরপর পলাশকে তাঁর মামাবাড়ি বেলকুচি উপজেলা সদর থেকে আটক করা হয়।

পলাশের স্বীকারোক্তির বরাত দিয়ে ওসি হেলাল জানান, পলাশ টাকা ফেরত চাওয়ায় গত রোববার বিকেলে মুনমুন কিছু টাকা নিয়ে পলাশের বাড়িতে যান। টাকা কম হওয়ায় দুজনের মধ্যে নতুন করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুনমুন টাকা দিতে অস্বীকার করলে পলাশ খেপে গিয়ে ছুরি দিয়ে গলায় আঘাত করেন। মুনমুন সঙ্গে সঙ্গে মরে যান। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মুনমুনের বড় ভাই ইবনে কাশেম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।