তিন দিন পর থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তফা মনির হত্যার ঘটনার তিন দিন পর গতকাল শুক্রবার বিকেলে সোনাগাজী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এতে সদর উপজেলার বালিগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল উদ্দিন এবং ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন, বেলাল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৭ জন নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বালিগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরকে দুর্বৃত্তরা স্থানীয় সুন্দরপুর বাজার থেকে ধরে নিয়ে সোনাগাজী উপজেলার কুঠিরহাট কালীবাড়ির পাশে কুপিয়ে ও পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই তাঁর মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার যুবদল ও স্বেচ্ছাসেবক দল ফেনীতে অর্ধদিবস হরতাল পালন করে।