কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত ইটনা উপজেলায় ধনু নদে ট্রলারে ডাকাতির সময় নিখোঁজ এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তিন দিন পর গতকাল শুক্রবার লাশটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া লাশটি ঢাকার বাংলামোটর এলাকার নূরুল আলমের (৪৮)। তিনি টাইলসের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে ইটনা উপজেলার ধনু নদের কাটাখাল এলাকায় একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় চার যাত্রী আহত হন। তাঁদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হন। ডাকাতির সময় নদে পড়ে গিয়ে নূরুল আলম নিখোঁজ হয়েছিলেন। গতকাল বেলা ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া গ্রামের পাশে নদে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সেটি নিখোঁজ নূরুল আলমের বলে নিশ্চিত করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, নুরুল আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে ট্রলারে ডাকাতির ঘটনায় ইটনার করমশি গ্রামের মুর্শেদ ইসলাম বাদী হয়ে গত বৃহস্পতিবার ইটনা থানায় মামলা দায়ের করেছেন। ডাকাতির ঘটনায় ট্রলারের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।