জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচবিবি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর মণ্ডলকে গতকাল রোববার অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে নাশকতার একটি মামলায় জামিন পেয়ে গত বৃহস্পতিবার তিনি বের হলে তাঁকে কারাফটক থেকেই মাইক্রোবাসে করে কে বা কারা তুলে নিয়ে যায়।
গফুর পাঁচবিবির কুসুম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
পাঁচবিবি থানা-পুলিশ, গফুরের পরিবার ও তাঁর মামলার আইনজীবী সূত্রে জানা গেছে, গফুর নাশকতার একটি মামলায় জয়পুরহাট কারাগারে ছিলেন। গত বুধবার তাঁর আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন।
জেলা ও দায়রা জজ শুনানি শেষে তাঁকে ওই দিনই জামিন দেন। গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তিনি কারাগার থেকে ছাড়া পান। ওই দিন সকাল সাতটার দিকে প্রধান কারাফটকের সামনে নীল রঙের একটি মাইক্রোবাসে করে কে বা কারা তাঁকে তুলে নিয়ে যায়।
এরপর থেকে পরিবারের লোকজন তাঁর খোঁজ পাচ্ছিলেন না। গতকাল তাঁর পরিবার ও গফুরের স্ত্রী শাহিদা খানম ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানতে পারেন অস্ত্র ও বিস্ফোরকসহ পাঁচবিবি থানা-পুলিশ গফুরকে গ্রেপ্তার করেছে।
পাঁচবিবি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফরিদ হোসেন মুঠোফোনে গতকাল প্রথম আলোকে বলেন, ভোর সাড়ে চারটার দিকে পাঁচবিবি-হিলি সড়কের শেকটা এলাকায় হিলি থেকে মোটরসাইকেলে করে পাঁচবিবি আসার পথে পুলিশের একটি টহল দল তাঁকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁর কাছে থাকা ব্যাগ থেকে বিদেশি পিস্তল, তিনটি গুলি, ম্যাগাজিন, সাতটি ছোট-বড় ককটেল উদ্ধার করা হয়। রেজিস্ট্রেশনবিহীন টিভিএস একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এ সময় অপর তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন পালিয়ে যায়। এ ঘটনায় এসআই মোখলেছার রহমান অস্ত্র ও বিস্ফোরক আইনে থানায় সাতজনকে আসামি করে মামলা করেন।
এসআই ফরিদ আরও বলেন, গফুরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড আবেদন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।
এ বিষয়ে জানতে গফুরের স্ত্রী শাহিদার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।