তিন দিন পর বিল থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের তিন দিন পর বিলের পানি থেকে আনছার আলী (৫০) নামের রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শ্রীবরদী থানার পুলিশ উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলের বিলের পানি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও আনছার আলীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আনছার আলী শেরপুর শহরের তাতালপুর এলাকার বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনেরা তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় সদর থানায় তাঁরা সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলার শৈলের বিলের পানিতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লোকমুখে লাশ উদ্ধারের খবর জানতে পেরে আনছার আলীর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।

এ ঘটনায় শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পানিতে থাকায় লাশটি ফুলে গিয়েছিল। তাই আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।