তিন দিন পর হত্যা মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুরে সালিসে সুমন রহমান (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার তিন দিন পর হত্যা মামলা নিয়েছে থানার পুলিশ। গত রোববার মামলাটি দায়ের করেন নিহত সুমনের ভায়রা আবদুল মালেক। তবে সুমন বিষপানে আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন সালিসের বিচারকেরা।
এই মামলায় খাজুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুস আলী, রনাইল গ্রামের গুলজার হোসেন, আরিফুল ইসলাম, ভোদর আলী, মোজাম্মেল হক, ফিরোজ হাসান ও ময়েজ উদ্দীনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করা হয়েছে।
আবদুল মালেক অভিযোগ করেন, হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিষপানের অপপ্রচার ছাড়ানো হচ্ছে। এমনকি পুলিশও বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।
ইউপি সদস্য ইউনুস আলী সালিসের কথা স্বীকার করলেও সুমনকে কোনো মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন। তিনি আরও দাবি করেন, সালিস চলাকালে সুমন অসুস্থ হয়ে পড়লে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর শরীরে বিষের আলামত পান।
জানা যায়, খাজুর ইউনিয়নের রনাইল গ্রামের আজিজার রহমানের ছেলে সুমন রহমান প্রতিবেশী ভোদর আলীর কাছ থেকে এক মাস আগে ২১ হাজার টাকায় একটি গাভি কেনেন। কিন্তু গাভির দাম ভোদরকে না দিয়ে সুমন বাড়ি থেকে পালিয়ে যান। এক মাস পর গত বুধবার সন্ধ্যায় সুমন বাড়িতে আসেন। খবর পেয়ে ভোদর ও ইউপি সদস্য ইউনুস আলী লোকজন নিয়ে গ্রামে সালিস বসান। এ সময় সুমনকে টাকা দিতে চাপ প্রয়োগ করেন সালিসের নেতারা। কিন্তু সুমন টাকা দিতে অস্বীকৃতি জানান। তখন তাঁকে বেধড়ক পেটানো হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সুমনকে একটি ঘরে আটকে রাখা হয়। পরে ভোর চারটার দিকে তাঁকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ভর্তির আগেই সুমনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সুমনের স্ত্রী মরিয়ম বেগম থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ হত্যা মামলা না নিয়ে সুমন বিষপানে আত্মহত্যা করেছেন বলে একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ সুমনের শরীরে বিষের আলামত পাওয়ার সার্টিফিকেট দেওয়ায় প্রথমে ইউডি মামলা করা হয়। কিন্তু পরে রোববার নিয়মিত মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তবে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল জাব্বার বলেন, ‘সুমনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আদালতের নির্দেশ ছাড়া থানায় এ ধরনের কোনো সার্টিফিকেট দেওয়ার নিয়ম নেই।’
অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) মুহাম্মদ রাশিদুল হক বলেন, আসামিরা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। প্রকৃত কারণ উদ্ধার করে ব্যবস্থা নেওয়া হবে।