তিন দিন পর ১২৯ জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের চরবলাকি এলাকায় মাটি ভরাটকে কেন্দ্র আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত ও অন্য দুজন নিখোঁজ হওয়ার ঘটনায় গতকাল রোববার ১২৯ জনকে আসামি করে মামলা হয়েছে। ইউপি সদস্যসহ নিহত দুই সহদোরের বাবা মজু ব্যাপারী গজারিয়া থানায় মামলাটি করেন।
এদিকে সংঘর্ষের পর থেকে নিখোঁজ জুয়েল ও আওলাদ হোসেনের কোনো সন্ধান এখনো মেলেনি। জুয়েলও মজু ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, মজু ব্যাপারীর মামলায় ১২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয় হোসেন্দি ইউনিয়নের চরবলাকি গ্রামের আমিরুল ইসলামকে। আমিরুল নাজমুলের বাবা। আর নাজমুলকে মামলায় ৩ নম্বর আসামি করা হয়েছে। ২ নম্বর আসামি করা হয়েছে নাজমুলের চাচা মনাকে। নাজমুল নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক ওরফে মজনুর ঘনিষ্ঠ বলে এলাকায় বলাবলি হচ্ছে।
সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহবুবুল হকের পক্ষে কাজ করেন গোলাপ ব্যাপারী ও নাজমুল। ওই দিন নাজমুল যে অস্ত্র দিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন সেই অস্ত্র কার, সেটা খুঁজে বের করলেই এর পেছনে কার হাত ছিল তা বেরিয়ে আসবে।
গজারিয়া থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে যেসব তথ্য পাওয়া যাচ্ছে, আমরা সবগুলোই খতিয়ে দেখছি। আশা করছি, দ্রুতই নিখোঁজদের উদ্ধার করতে পারব।’
চরবলাকি এলাকায় ম্যাক্স ও সিনহা গ্রুপের পক্ষে মাটি ভরাট নিয়ে হোসেন্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৮ জন গুলিবিদ্ধ হন। এঁদের মধ্যে হোসেন্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাপ হোসেন ব্যাপারী ও তাঁর ছোট ভাই আইয়ুব ব্যাপারীকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।