তিন দিন যন্ত্রণা ভোগের পর মারা গেলেন তহমিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোড়া শরীর নিয়ে তিন দিন যন্ত্রণায় কাতরানোর পর গত রোববার রাতে মারা গেছেন রংপুরের গৃহবধূ তহমিনা বেগম (৩২)। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে রংপুরের মিঠাপুকুর এলাকায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
দগ্ধ হওয়ার পর তহমিনা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, যৌতুকের দাবিতে স্বামী আবদুল মান্নানের প্ররোচনায় শাশুড়ি আলেমা বেগম তাঁর শরীরে জ্বলন্ত কুপি ছুড়ে মারেন।
রংপুর মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক মারুফুল ইসলাম বলেন, তহমিনার অবস্থার অবনতি হওয়ায় রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল। পথে তিনি মারা যান।
গতকাল সোমবার দুপুরে হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্নের পর নিহত ব্যক্তির লাশ রংপুরের পীরগাছা উপজেলা সদরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তহমিনার পৈতৃক বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
পীরগাছা উপজেলার দাদন গ্রামে গত বৃহস্পতিবার মধ্যরাতে গৃহবধূ তহমিনার গায়ে আগুন লাগানোর ঘটনা ঘটে। তহমিনা তখন পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, ওই রাতে স্বামী আবদুল মান্নানের প্ররোচনায় শাশুড়ি আলেমা বেগম তাঁর শরীরে জ্বলন্ত কুপি ছুড়ে মারেন। এতে মুহূর্তেই গৃহবধূর পুরো শরীরে আগুন ধরে যায়। অবস্থা বেগতিক দেখে স্বামী নিজেই তাঁকে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
১৩ বছর আগে তহমিনার সঙ্গে একই উপজেলার দাদন গ্রামের ফল ব্যবসায়ী আবদুল মান্নানের বিয়ে হয়। তাঁদের ঘরে দুটি মেয়ে রয়েছে। মুন্নী বেগম (১২) ও মুক্তা বেগম (৮)।
নিহত ব্যক্তির মা মরিয়ম বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তহমিনাকে মারধর করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। কয়েক বছর আগে যৌতুকের দাবিতে মারধর করে তহমিনার হাত-পা ভেঙে দিয়েছিলেন স্বামী মান্নান। চর-থাপ্পড়ে তহমিনার একটি কানও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবু দুই সন্তান নিয়ে স্বামীর পরিবারে পড়ে ছিলেন তহমিনা।
পীরগাছা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল আহমেদ বলেন, এ ঘটনায় গত শনিবার তহমিনার বড় ভাই মো. মোস্তফা বাদী হয়ে গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি, বোনসহ চারজনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন। স্বামী মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক।