পাবনার চাটমোহর উপজেলায় ১৩ থেকে ১৫ মে পর্যন্ত মাত্র তিন দিনে সাতজন আত্মহত্যা করেছেন।
উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের মেয়ে শাপলা খাতুনের (২২) পাশের গ্রামে বিয়ে হয় মাসখানেক আগে। কিছুদিন না যেতেই স্বামীর সঙ্গে মনোমালিন্য দেখা যায়। স্বামীর ওপর অভিমান করে ১৩ মে রাতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন শাপলা। একই দিনইউনিয়নের শিবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী সাথী খাতুন (২০) ও বিলচলন ইউনিয়নের দয়ারপাড়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী শরিফা খাতুন (২৬) আত্মহত্যা করেন।
এদিকে হান্ডিয়াল ইউনিয়নের রামনগর গ্রামের জেসমিন খাতুন (১৭) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে ১৪ মে। একই দিন মায়ের ওপর অভিমান করে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের পার চাটরা গ্রামের আঁখি আরা খাতুন (১৩) ও অমৃতকুণ্ডা গ্রামের ফরমান আলী বিশ্বাস (৪৫) আত্মহত্যা করেন। এ ছাড়া স্বামীর ওপর অভিমান করে ১৫ মে দৃষ্টিপ্রতিবন্ধী তহুরা খাতুন (৩০) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
বিশেষজ্ঞদের মতে, উপজেলায় আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির মূলে রয়েছে পারিবারিক-সামাজিক নিরাপত্তাহীনতা, অজ্ঞতা, হতাশা, মনোরোগ ও ধর্মীয় মূল্যবোধের অভাব। বিষয়টি মোকাবিলায় ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা ও হতাশার সময়গুলোতে বেশি বেশি বেঁচে থাকার স্বপ্ন দেখার কথা বলছেন তাঁরা। এ ছাড়া সামাজিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও আত্মতুষ্টি বাড়ানো গেলে এই প্রবণতা কমানো সম্ভব বলে তাঁরা জানান।
চাটমোহর থানা-পুলিশের হিসাব অনুযায়ী, ২০১৬ সালে আত্মহত্যার ঘটনায় এ থানায় অপমৃত্যুর মামলা হয়েছে ২৫টি। চলতি বছরের মাত্র পাঁচ মাসে সংখ্যাটা ছাড়িয়ে গিয়ে দাঁড়িয়েছে ২৬-এ। আত্মহননকারী বেশির ভাগই নারী।
বেসরকারি সংস্থাগুলোর হিসাবে এই সংখ্যা আরও বেশি। পাবনার স্বেচ্ছাসেবী সংগঠন আজকের প্রজন্ম ফোরাম সম্প্রতি আত্মহত্যা প্রতিরোধে করণীয় বিষয়ে বৈঠক করে। বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে দেখা গেছে, প্রতি মাসে জেলায় গড় আত্মহত্যাকারীর সংখ্যা প্রায় ৭ জন। তবে চাটমোহরের বিষয়ে তারা আলাদা কোনো তালিকা করেনি।
আজকের প্রজন্ম ফোরামের প্রধান উপদেষ্টা উৎপল মির্জা বলেন, গ্রামাঞ্চলে মানুষের মধ্যে অজ্ঞতা রয়েছে। তাঁরা সঠিক বিনোদন থেকে বঞ্চিত। সামাজিক ও পারিবারিক নিরাপত্তার অভাব বোধ করে। এর ফলে গ্রামে এ ধরনের ঘটনা বেশি ঘটে। অনেক সময় আত্মহত্যার ঘটনা থানায় পর্যন্ত পৌঁছায় না। ফলে সঠিক হিসাবটাও পাওয়া যায় না।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত পরিচালক আবদুস সাকুর বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মহনন বড় ধরনের পাপকাজ। এটা মানুষ হত্যার মতোই ঘৃণ্য কাজ। ধর্মীয় মূল্যবোধ থাকলে মানুষ এ পথে যেতে পারে না। সামাজিকভাবে বিষয়টি মানুষকে অবগত করানো প্রয়োজন। মসজিদে মসজিদে বিষয়টি নিয়ে আলোচনা করলে মানুষের মধ্যে বোধ জাগ্রত হতে পারে।
পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক বলেন, চলার পথে হতাশা আসতেই পারে। এই হতাশা কাটিয়ে ওঠার নামই জীবন। আত্মহনন কোনো সমস্যার সমাধান নয়। হতাশার সময়গুলোতে আরও বেশি বেশি বেঁচে থাকার স্বপ্ন দেখতে হবে। একই সঙ্গে পরিবার ও সমাজকে হতাশাগ্রস্ত ব্যক্তিদের পাশে থেকে সাহস জোগাতে হবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, চাটমোহরের গ্রামগুলোতে অনেক আগে থেকেই আত্মহত্যার প্রবণতা বেশি। এদের বেশির ভাগই নারী, যারা বাইরে খুব একটা বের হয় না। সামাজিক আচার-অনুষ্ঠান থেকে নিজেদের দূরে রাখে। নিজেদের সমস্যাগুলো নিয়ে কারও সঙ্গে আলোচনা করতে পারে না। ফলে অল্পতেই ভেঙে পড়ে।