তিন দিনেও আদালতে হাজির করেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের তিন দিন পরও পুলিশ তাকে আদালতে হাজির করেনি বলে অভিযোগ উঠেছে।
গত বুধবার বিকেলে পুলিশ উপজেলার কানুরাম এলাকা থেকে ওই মেয়েটিকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মো. বকুল মিয়াকেও (২৮) গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল শুক্রবার থানায় গিয়ে জানা যায়, উদ্ধার হওয়া ছাত্রীটি তার মায়ের সঙ্গে থানার হাজতখানায় রয়েছে।
মেয়েটির বড় ভাই জানান, তাঁর বোন স্থানীয় এক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। গত ৮ জানুয়ারি সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তাঁর বোনকে জোর করে তুলে নিয়ে যান উপজেলার পাছরুখি গ্রামের বকুল মিয়া।
এ ঘটনায় তিনি বকুলসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। বুধবার তাঁর বোনকে উদ্ধার ও বকুলকে গ্রেপ্তারের খবর জানান মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান মোল্লা। খবর পেয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সন্ধ্যায় থানায় যান। তখন বোনকে তুলে দেওয়ার কথা বলে এসআই হাফিজুর তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন। কিন্তু বৃহস্পতিবার রাত সাড়ে তিনটা পর্যন্ত থানায় অপেক্ষা করার পরও বোনকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে এসআই হাফিজুর কোনো উত্তর দিতে রাজি হননি। তবে বকুলকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ্ জানান, ছুটির দিনে আদালত বন্ধ থাকায় মেয়েটিকে তার মায়ের সঙ্গে নিরাপদে রাখা হয়েছে। আইন অনুযায়ী কোনো শিশুকে থানা হাজতে রাখা যায় কি না, জানতে চাইলে ওসি জানান, সরকারি শিশু নিবাসে রাখা হলে আগামী রোববার আদালতে হাজির করতে পুলিশ সমস্যায় পড়তে পারে বলে মেয়েটিকে থানায় রাখা হয়েছে।