তিন দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে যুবলীগের নেতা জাহিদ হাসানসহ তাঁর বাহিনীর বিরুদ্ধে সাংবাদিক অপহরণ ও চাঁদাবাজির মামলা দায়েরের তিন দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো জাহিদ মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় পালিয়ে বেড়াচ্ছেন সাংবাদিক ফজলুল হক।
জীবনের নিরাপত্তা চেয়ে গত সোমবার মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন ফজলুল হক। প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি ওই দিন ঢাকার ওয়ারী থানায় জিডি করেছেন।
ফজলুল হকের অভিযোগ, বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে জাহিদ ও তাঁর সহযোগীরা ফোন করে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন। গতকাল মঙ্গলবারও একাধিকবার ফোন করা হয়। তিনি ভয়ে মুন্সিগঞ্জ ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। মুন্সিগঞ্জ শহরে যেতে না পারায় তিনি তাঁর এক আত্মীয়কে দিয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, জাহিদকে ধরার জন্য পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে। কিন্তু তাঁকে ধরা যায়নি। পুলিশ তাঁকে ধরতে কাজ করছে।
মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর এলাকায় বাড়ি নির্মাণ করছেন সাংবাদিক ফজলুল হক। এ জন্য তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে যুবলীগের নেতা জাহিদ ও তাঁর সন্ত্রাসী বাহিনী। ওই চাঁদা না দেওয়ায় গত শনিবার তাঁকে অপহরণ করে সন্ত্রাসীরা। খবর পেয়ে অপহৃতকে উদ্ধারে র্যা ব অভিযানে নামলে অপহরণকারীরা তাঁকে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় শনিবার রাতেই পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ ও মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পারভেজ ওরফে হীরাসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন সাংবাদিক ফজলুল হক। তিনি ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক নিরপেক্ষ বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক।