পটুয়াখালীর গলাচিপা উপজেলার চান্দেরহাওলা গ্রাম থেকে অপহৃত শিশু হাবিবুরকে গতকাল শনিবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে শিশুটিকে মুক্তি দিতে অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সকালে হাবিবুরের বাবা মো. কাঞ্চন আলী সরদারের মুঠোফোনে ফোন করে এক ব্যক্তি মুক্তিপণের এ টাকা দাবি করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা মুক্তিপণ চাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কাঞ্চন আলী সরদার বলেন, ‘শুক্রবার রাত নয়টার দিকে আমার কাছে এক ব্যক্তি ফোন করে হাবিবুরের মুক্তির জন্য এক কোটি টাকা দাবি করেন। ওই ব্যক্তি আজ (গতকাল শনিবার) সকাল সাড়ে নয়টার দিকে একই নম্বর থেকে ফোন করে আমার ছেলের মুক্তির জন্য আমাকে এক কোটি টাকা গুছিয়ে রাখতে বলেন। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।’
গলাচিপা থানার ওসি আবদুর রাজ্জাক মোল্লা বলেন, ‘হাবিবুরকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি। মামলার তদন্ত এগিয়ে চলছে। মুক্তিপণ দাবির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’
গত ৯ মার্চ রাতে গলাচিপার রতনদী-তালতলী ইউনিয়নের চান্দেরহাওলা গ্রামে কাঞ্চন আলী সরদারের ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে বিছানা থেকে তাঁর ছেলে হাবিবুরকে (২) অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। এ ঘটনায় হাবিবুরের বাবা গলাচিপা পৌরসভা এলাকার ব্যবসায়ী চান্দেরহাওলা গ্রামের কাঞ্চন আলী সরদার বাদী হয়ে ১০ মার্চ রাতে গলাচিপা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলায় সন্দেহভাজন হিসেবে হাবিবুরের সৎভাই কাঞ্চন আলী সরদারের প্রথম স্ত্রীর দুই ছেলে মো. বেল্লাল সরদার ও সোনা মিয়া সরদারের নাম উল্লেখ করা হয়েছে।
এ নিয়ে গত ১১ মার্চ প্রথম আলোয় ‘বিছানা থেকে শিশুকে অপহরণের অভিযোগ’ ও ১২ মার্চ ‘সৎভাইদের নাম উল্লেখ করে মামলা’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।