তিন দিনেও খোয়া যাওয়া অস্ত্রের সন্ধান মেলেনি
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে খোয়া যাওয়া রাইফেলটি গতকাল মঙ্গলবার পর্যন্ত পাওয়া যায়নি। ওই ঘটনায় আরও দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে সরকারি একটি গোয়েন্দা সংস্থা গত মাসে দেওয়া এক প্রতিবেদনে কাশিমপুর কারাগার নানা কারণে নিরাপত্তাঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করে।
সাময়িক বরখাস্ত হওয়া কারারক্ষীরা হলেন তৌহিদুল ইসলাম ও এহসানুল হক। এর আগে সোমবার রাতে একই অভিযোগে অস্ত্রাগারের প্রধান কারারক্ষী মো. সিরাজুল হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়।
কারা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুন বাজার থেকে এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। সেখানে কারাগার ১, ২ ও মহিলা এবং হাই সিকিউরিটি কারাগার রয়েছে। হাই সিকিউরিটি কারাগার থেকে গত রোববার বিকেলে খোয়া যাওয়া রাইফেলটির সন্ধান গতকাল রাত আটটা পর্যন্ত পাওয়া যায়নি। তবে কারাগারের অস্ত্র উদ্ধার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় গতকাল কারারক্ষী তৌহিদুল ও এহসানুলকে সাময়িক বরখাস্ত করা হয়।
গত মাসে গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়, অনিয়ম, ঘুষ লেনদেন ও প্রযুক্তিগত দুর্বলতার কারণে নিরাপত্তাঝুঁকিতে পড়েছে কাশিমপুর কারাগার। শুধু কারাগারে আটক স্বজনদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের কাছ থেকেই মাসে গড়ে ২২ লাখ টাকা ঘুষ হিসেবে আদায় করে থাকেন সেখানকার অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। প্রধানত, এ কারণে কারাগার নিরাপত্তাঝুঁকিতে পড়েছে।
এ ছাড়া প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
কারাগারের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান জানান, রোববার বিকেলে অস্ত্রাগারের অস্ত্র গুনতে গিয়ে একটি রাইফেল পাওয়া যাচ্ছিল না। ওই দিন বিকেল পাঁচটার দিকে অস্ত্রাগারের দায়িত্বে থাকা প্রধান কারারক্ষী সিরাজুল হাওলাদার রাইফেল না পাওয়ার খবরটি তাঁকে (মিজানুর) জানান। এরপর কারাগারের ভেতরে বিভিন্ন স্থানে খোঁজ করেও অস্ত্রের সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় কারা মহাপরিদর্শককে (আইজি-প্রিজন) জানানো হয়। এ ঘটনায় জয়দেবপুর থানায় পরের দিন সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনা তদন্তে ওই দিন রাতেই কারা মহাপরিদর্শক মো. ইফতেখার উদ্দিন রাজশাহী বিভাগের উপমহাপরিদর্শক মো. বজলুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ১৫ ডিসেম্বরের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে দুই সদস্যের আরও একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, সোমবার দুপুরে ঘটনা জানার পর কারা কর্তৃপক্ষের আগে থানার পক্ষ থেকেও এ ঘটনায় একটি জিডি করা হয়। পরে রাইফেলটি খুঁজে বের করতে থানার পরিদর্শক (তদন্ত) মো. আলম চাঁদকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাইফেলটি খোঁজা হচ্ছে।