জয়পুরহাটের কালাইয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত সেই স্কুলছাত্রীর তিন দিনেও জ্ঞান ফেরেনি। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
কালাইয়ের মাত্রাই গ্রামে মা-বাবার সঙ্গে থাকে ওই ছাত্রী। পরিবার বলেছে, গত শুক্রবার ভোরে ওই ছাত্রীর শোবার ঘরের মেঝেতে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তার গায়ে জামা ছিল না। তার মাথার জখম থেকে রক্ত ঝরছিল। পুরো শরীর রক্তে মাখামাখি। বিছানার তোশকেও ছিল রক্তের দাগ। তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে পরিবারের ধারণা।
ওই ছাত্রীর বাবা মনে করেন, শুক্রবার রাতে দেয়াল টপকে কেউ বাড়ির ভেতরে ঢুকে ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে তিনি কাউকে চিহ্নিত করতে পারছেন না।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই কক্ষের বাড়ির একটিতে রাতে একাই ঘুমাত ওই ছাত্রী। পাশের কক্ষে থাকত বাবা-মা ও ছোট দুই ভাই। শুক্রবার ভোরে ওই ছাত্রীর মা ঘুম থেকে উঠে মেয়ের ঘরে যান। মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। দ্রুত সেখান থেকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত শনিবার রাতে তাকে ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে গতকাল রোববার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক।
গতকাল রাত সাড়ে নয়টার দিকে ওই ছাত্রীর ফুফা বলেন, এখনো জ্ঞান ফেরেনি। অবস্থা ভালো না বলে চিকিৎসক জানিয়েছেন।
কারও সঙ্গে পূর্বশত্রুতা আছে কি না, জানতে চাইলে ছাত্রীর বাবা বলেন, তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তাঁর মেয়েকে কেউ কখনো উত্ত্যক্ত করেছে এমন তথ্যও তাঁর জানা নেই।
আহত ছাত্রীর সহপাঠী ও প্রতিবেশীরাও একই তথ্য দিয়েছেন। স্কুলে যাতায়াতের সময় তাকে কেউ কখনো উত্ত্যক্ত করেছে বলে তাঁরা দেখেননি।
এ ঘটনায় গত শনিবার ওই ছাত্রীর চাচা অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালাই থানায় একটি মামলা করেছেন। তবে গতকাল রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কালাই থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ বর্মণ বলেন, মেয়েটিকে বগুড়া নেওয়ার পরই তিনি সেখানে গিয়েছিলেন। কিন্তু তার জ্ঞান না থাকায় কথা বলা যায়নি। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।