ঢাকার সাভারে দুই তরুণীকে ধর্ষণের ঘটনার তিন দিন পার হলেও মূল হোতা লিটন মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তাঁকে গ্রেপ্তারে পুলিশ ও র্যাবের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।
ধর্ষণের ঘটনায় তরুণীদের একজন গত শুক্রবার সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় লিটন, মুকাররম ও মিজানুরকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া মুকাররম হোসেন ও মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে।
এদিকে লিটনের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার শিকার ওই দুই তরুণীর অভিযোগ, নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলে এনে তাঁদের পালাক্রমে ধর্ষণ করা হয়। পৌর এলাকার সোবহানবাগ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের পাশের লিজেন্ড কলেজ নামের একটি ভবনে বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ওই দুই তরুণীর ভাষ্য, তাঁরা মিউজিক ভিডিওর মডেল। থাকেন গাজীপুরে। মাস তিনেক আগে মুঠোফোনে তাঁদের সঙ্গে লিটন মণ্ডল নামের এক ব্যক্তির পরিচয় হয়। ওই পরিচয়ের সূত্র ধরে লিটন তাঁদের নাটকে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলেন। তাঁর কথামতো বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁরা সাভার আসেন। লিটন ও তাঁর এক সহযোগী তাঁদের একটি ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে লিটনসহ আরও দুজন ছিলেন। রাতে তাঁরা জানালা দিয়ে চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। লিটন ও তাঁর সহযোগী কৌশলে পালিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক সোহরাওয়ার্দী হোসেন বলেন, লিটনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক সোহরাওয়র্দী হোসেন বলেন, লিটন বর্তমানে সাভারে নেই। প্রযুক্তির সহায়তা নিয়ে তাঁকে ধরতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তবে শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।
এদিকে র্যাবের পক্ষ থেকেও লিটনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে র্যাব সাভার ক্যাম্প সূত্রে জানা গেছে।
আরও পড়ুন...